এবার একে-২২ রাইফেল মিলল স্টেশনের বাইরে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সীমানাপ্রাচীরের বাইরে একটি ব্যাগে এবার পাওয়া গেল একটি একে-২২ রাইফেল, গুলি, চাকু ও বোমা তৈরির উপকরণ। গতকাল মঙ্গলবার এগুলো উদ্ধার করা হয়। গত সোমবার চট্টগ্রাম থেকে কমলাপুরে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগি থেকে প্রায় একই ধরনের অস্ত্র ও বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, গত দুই দিনে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যোগসূত্র পেয়েছে পুলিশ। গতকাল উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিভর্তি ব্যাগে সোমবার গ্রেপ্তার আবদুল্লাহ ওরফে শামীমের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে রেলওয়ের এক কর্মী রেলস্টেশনের সীমানাপ্রাচীরের বাইরে রেললাইনে ব্যবহূত কাঠের স্তূপের ওপরে কালো রঙের একটি ব্যাগ দেখেন। তিনি রেলওয়ে থানার এক পুলিশকে বিষয়টি জানান। এরপর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। ব্যাগ থেকে চীনে তৈরি একটি একে-২২ রাইফেল, ওই রাইফেলের সাতটি গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি ছুরি, বোমা তৈরির উপকরণ ও ১০টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল্লাহর পরিচয়পত্র উদ্ধারের পর পুলিশ গতকাল উদ্ধার হওয়া ব্যাগভর্তি অস্ত্র ও গুলির সঙ্গে তাঁদের যোগসূত্র পেয়েছে। সোমবার প্রথম চালানটি ধরা পড়ার পর তাঁদের লোকেরা হয়তো এই ব্যাগটি সেখানে ফেলে গেছে। সোমবার গ্রেপ্তার হওয়া নূরুল ইসলাম (৩৬) ও আবদুল্লাহর (২২) বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা এখনো মুখ খুলছেন না। তাঁরা দুজনই ঢাকায় থাকেন এবং নিজেদের বেকার বলে দাবি করেছেন।