এবার এভারেস্ট জয়ে যাচ্ছে বাংলাদেশ
এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২ এপ্রিল বাংলাদেশি যুবক এম এ মুহিত এভারেস্ট-জয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৬০ দিনের এই অভিযানে সফল হলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি এভারেস্ট-জয়ী।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এম এ মুহিত এভারেস্ট-জয়ের ঘোষণা দেন। তাঁর সফলতা কামনা করে শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অর্থনীতিবিদ আকবর আলী খান ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম পর্বতারোহী মুহিতের হাতে জাতীয় পতাকা তুলে দেন। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।সংবাদ সম্মেলনে আয়োজক ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক জানান, এম এ মুহিতই এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি, যিনি আট হাজার ২০১ মিটার উঁচু ‘চো ইউ’ পর্বতশৃঙ্গ জয় করেছেন। এ ছাড়া তিনি হিমালয়ের ছয় হাজার মিটারের অধিক উঁচু চারটি শৃঙ্গ জয় করেছেন।সংবাদ সম্মেলনে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশপ্রধান আবরার আলম আনোয়ার এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এম এম জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।অভিযানের সিংহভাগ আর্থিক সহযোগিতা করবে ট্রান্সকম বেভারেজ। সিটিব্যাংক এনএ, আকিজ সিমেন্টও এ অভিযানে আর্থিক সহযোগিতা করছে।সংবাদ সম্মেলনে এম এ মুহিত জানান, নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্ট শিখর আট হাজার ৮৫০ মিটার উঁচু। তিনি এই শিখরই জয় করবেন। আগামী ২ এপ্রিল তিনি ৬০ দিনের এভারেস্ট অভিযানে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি সাতজনের দলে যোগ দেবেন। তিনি বলেন, ‘প্রত্যেক পর্বতারোহীর স্বপ্ন এভারেস্ট বিজয়। নিজের স্বাস্থ্য ও আবহাওয়া প্রতিকূল না হলে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা স্থাপন করতে পারব।’ তিনি সবার দোয়া প্রার্থনা করেন।