এবার এভারেস্ট জয়ে যাচ্ছেন সজল খালেদ
এভারেস্ট অভিযানে যাচ্ছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য সজল খালেদ। আগামী ১০ এপ্রিল কাঠমান্ডু থেকে তাঁর অভিযান শুরু হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএমটিসি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সজল খালেদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়।গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহীম।সংবাদ সম্মেলনে বিএমটিসির প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, ১০ জনের একটি ট্রেকিং দল বেস ক্যাম্প পর্যন্ত সজলের সঙ্গে যাচ্ছে। হিমালয়ের চূড়ায় উঠতে সজলের ৫০ থেকে ৬০ দিন লাগতে পারে। এই অভিযানে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ টাকা।অভিযাত্রী সজল খালেদ বলেন, ‘হিমালয়ে ওঠার জন্য যাচ্ছি। হয়তো আমি একা সেখানে উঠব। কিন্তু আমার সঙ্গে থাকবে দেশের মানুষ।’সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০০ সালে হিমালয়ে প্রশিক্ষণের মাধ্যমে পর্বতারোহণ শুরু করেন সজল খালেদ। এ পর্যন্ত হিমালয় ও আল্পস পর্বতে ১০টি অভিযানে তিনি অংশ নিয়েছেন।সজল ছাড়াও এবার ক্লাবের আরেক অভিযাত্রী এম এ মুহিত এভারেস্ট অভিযানে যাচ্ছেন। তবে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও আর্থিক পৃষ্ঠপোষকতা না পাওয়ায় ক্লাবের মহিলা অভিযাত্রী নিশাত মজুমদার এবার অভিযানে যেতে পারছেন না।সংবাদ সম্মেলনে মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল প্রমুখ বক্তব্য দেন। অভিযানে আর্থিক সহায়তা দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।