এবার এল বান কি মুনের ফোন
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ফোন করলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে জোহান্সবার্গে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব। সেখান থেকেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের ফোনালাপ হয়। ফোনালাপের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে বিশেষভাবে সহায়তা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বান কি মুন।’
আবুল কালাম আজাদ বলেন, বেশ কিছু সময় ধরে তাঁদের মধ্যে কথাবার্তা চলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অবাধ, সুষ্ঠুভাবে হবে বলে আশা প্রকাশ করেন বান কি মুন। বিরোধী দলের বর্তমান সংঘাত, সহিংসতার নিন্দাও জানান তিনি। ফোন করার জন্য বান কি মুনকে এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে আজ সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে ফোন করেন।