এবার এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহের পর এবার উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত চার লেনের মহাসড়ক হবে। এ জন্য প্রায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর জেলা সদর পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার এ মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের শিরোনাম সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। গাজীপুরের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য আলাদা একটি প্রকল্পের কাজ চলছে।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশনের সূত্র বলেছে, এলেঙ্গা-রংপুর মহাসড়ক চার লেন করার এ প্রকল্পে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৮১ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় বিদ্যমান মহাসড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি তিনটি উড়ালসড়ক (ফ্লাইওভার), ৩২টি ছোট-বড় সেতু, একটি রেলপথ ওভারপাস, ১৬১টি কালভার্ট, ৩৯টি আন্ডারপাস, ১১টি পদচারী-সেতু নির্মাণ করা হবে। এ জন্য প্রায় ১৯৯ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ ছাড়া ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন থাকবে। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।

এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ১২ হাজার ৮৯৪ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৩ হাজার ৩৬৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৯ হাজার ৫২৬ কোটি টাকা।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২০৮ কোটি ৫৭ লাখ টাকার ঢাকা ও রংপুরের আবহাওয়া রাডারের উন্নয়ন; ২২৯ কোটি ৭৪ লাখ টাকার উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ; ২১৩ কোটি টাকার বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী; ৮০ কোটি টাকার রাউজানে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা; ২০৫ কোটি ৪৭ লাখ টাকার সিরাজদৌলা রোড থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ এবং ৭৬ কোটি টাকার খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন প্রকল্প।

একনেক সভার সূত্র জানিয়েছে, সিরাজদৌলা রোড থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি উত্থাপনের সময় চট্টগ্রাম শহর থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রকল্প তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।