এবার এসিডদগ্ধ হলেন কয়রার এক গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছেন আমেনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় গত শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আমেনার স্বামী শওকত শেখ এসিডে সামান্য আহত হয়েছেন।গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ২ নম্বর কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত বুধবার রাতে আমেনার সৎছেলে রেজাউল শেখ বাদী হয়ে কয়রা থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। আসামিদের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ২ নম্বর কয়রা গ্রামের শওকত শেখের দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম রাতে স্বামীর সঙ্গে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাঁর ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাত আহমেদ জানান, ওই গৃহবধূর মুখ, হাত, ঘাড় ও বুকের বাঁ পাশ এসিডে দগ্ধ হয়েছে। ওখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আমেনার স্বামীও এসিডে সামান্য দগ্ধ হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জ্যোতির্ময় সাহা জানান, উন্নত চিকিৎসার জন্য আমেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমেনার বিয়ের পর থেকে প্রতিবেশী হানিফ শেখ তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ছাড়া হানিফের পরিবারের সঙ্গে আমেনার পরিবারের বিরোধ ছিল। এ নিয়ে আমেনাকে হানিফ ও তাঁর স্ত্রী এসিডে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাঁরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।