এবার ওসি রফিককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় কারাবন্দী মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির আবেদনে বলা হয়, ওসি রফিক কাফরুল থানার কলেজছাত্র মোমিন হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। তিনি ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মতিঝিল থানার ওসি ছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হামলা ও হামলার পরবর্তী বিষয়ে ওসি রফিককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।কলেজছাত্র মোমিন হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচারাধীন রয়েছে। তাই ঢাকার মহানগর হাকিম আবদুল মজিদ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ওসি রফিককে জিজ্ঞাসাবাদের আবেদনটি মুখ্য মহানগর হাকিমের মাধ্যমে গতকালই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ পাঠিয়ে দেন। এ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে বলে আদালত সূত্র জানায়।এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঘটনার সময় পুলিশের বিশেষ শাখার প্রধান ও পরবর্তী সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম, সাবেক আইজিপি শহুদুল হক, তত্কালীন ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান খান, উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) পাঁচজন সাবেক কর্মকর্তাকে সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন। তত্কালীন সরকারের আমলে এর তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়। ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর নতুন করে এ মামলার তদন্ত শুরু হয়। মুফতি হান্নান, আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।