এবার ওসির বিরুদ্ধে আইনজীবীর মামলা
আইনজীবী সমিতির সভাপতির কক্ষে ঢুকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম গতকাল বুধবার দুপুরে ওই মামলা করেন।
মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম মামলাটি গ্রহণ করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমুল বিশ্বাসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে শাহ আলম উল্লেখ করেন, আইনজীবী, সাংবাদিক ও নারীদের সম্পর্কে আপত্তিকর অশালীন মন্তব্য করায় গত সোমবার তিনি সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এই মামলার খবর পেয়ে ওই দিন দুপুরে সদর থানার ওসি ইনামুল হক একদল পুলিশ নিয়ে তাঁর কক্ষে ঢুকে হুমকি-ধমকি দেন ও গ্রেপ্তার করতে উদ্যত হন। এ সময় অন্য আইনজীবীদের বাধার মুখে ইনামুল হক দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
এ ঘটনার পরদিন মঙ্গলবার বিষয়টি নিয়ে আইনজীবী সমিতিতে জরুরি সাধারণ সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ওসি ইনামুল ও এসআই হেকমত আলীর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুয়ায়ী গতকাল ওসির বিরুদ্ধে মামলা করা হয়।
এ ব্যাপারে ওসি ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘এসআই হেকমত আলীর বিরুদ্ধে মামলার খবর পেয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সেখানে তাঁর সঙ্গে মামলার সত্যতা নিয়ে কথা হয়। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে যাইনি বা হুমকি-ধমকি দেইনি।’