এবার ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলুর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাটি প্রত্যাহারের জন্য রাষ্ট্রপক্ষের মহানগর কৌঁসুলি ইতিমধ্যে সংশ্লিষ্ট আদালতে আবেদন করেছেন। আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে।বিএনপি-সমর্থিত সলিমউল্লাহ ঢাকা সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৪ জুলাই গ্রেপ্তার হন তিনি। পরে তাঁর মোহাম্মদপুরের বাসা থেকে লাইসেন্স করা শটগান, অবৈধ গুলি ও ছোরা উদ্ধার করা হয়। পরদিন ১৫ জুলাই তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র মামলাটি করেন র্যাবের উপপরিদর্শক বাবর আলী। মোহাম্মদপুর থানার পুলিশ ২০০৭ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এ বিচারাধীন আছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সলিমউল্লাহর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত বছরের ৫ জুলাই মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে এক চিঠিতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই পত্রে মামলাটি প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে ঢাকার মহানগর সরকারি কৌঁসুলিকে চিঠি দেওয়া হয়। এরপর মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু গত বছরের ৯ নভেম্বর মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। জানতে চাইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ এফ এম রিজাউর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি আর না চালানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মহানগর সরকারি কৌঁসুলি আদালতে মামলাটি প্রত্যাহার আবেদন করেছেন।