এবার কক্সবাজারে নামার সময় বিমানের চাকা ফেটে গেছে
এবার কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি এফ-২৮ উড়োজাহাজের দুটি চাকা ফেটে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ৮০ জন যাত্রী নিয়ে ঝুঁকির মধ্যে পড়ে উড়োজাহাজটি।কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মাহমুদ আকতার হোসেন সাংবাদিকদের জানান, বিমানের ঢাকা-কক্সবাজার ফ্লাইট নিয়ে (বিজি-৬৩৩) উড়োজাহাজটি সকাল ১০টা ৫৫ মিনিটে অবতরণ করে। রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটির পেছনের চারটি চাকার মধ্যে দুই পাশের দুটি ফেটে যায়। অবশ্য পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণ করেন। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের ব্যবস্থাপক আরও বলেন, তখনো উড়োজাহাজ সেখানে পড়ে রয়েছে। ঢাকা থেকে চাকা এনে তা প্রতিস্থাপনের পর উড়োজাহাজটি সচল করা হবে।গত মঙ্গলবার নয়াদিল্লিতে উড্ডয়নের পর পর বিমানের একটি এয়ারবাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ৫ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বসে যায়।