এবার কনটেইনারে মিলল ভারতীয় মুদ্রা
চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল রোববার সন্ধ্যায় বন্দরের ৮ নম্বর চত্বরে ওই কনটেইনারটি খোলা হয়। ভেতরে থাকা চারটি কার্টনে এসব মুদ্রা পাওয়া যায়। কনটেইনারের সব কটি কার্টন খোলা হয়নি।
এর আগে গত জুন মাসে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানের একটি কনটেইনারে তরল কোকেন শনাক্ত হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে কনটেইনারটি কলম্বো বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। কনটেইনারটির দৈর্ঘ্য ২০ ফুট।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে কনটেইনারে ভারতীয় মুদ্রা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও কাস্টমস সূত্রে জানা গেছে, মো. শহীদুজ্জামান নামের এক ব্যক্তি ১৬২ প্যাকেজের (কার্টন) পণ্য আমদানি করেন।
আমদানির প্রাথমিক নথিপথে পণ্যের ঘোষণায় বলা হয়েছে, এসব প্যাকেটে ‘পারসোনাল ইফেক্ট’ (গৃহস্থালির কাজে ব্যবহার হয়
এমন পণ্য) রয়েছে। এসব প্যাকেজের মধ্যে প্রাথমিকভাবে চারটি প্যাকেজ খুলে ভারতীয় মুদ্রা পাওয়া যায়। একটি প্যাকেজের মধ্যে ১০০ রুপির অসংখ্য নোট পাওয়া যায়।
জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসেইন আহমেদ গত রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কনটেইনারটি সিলগালা করে রাখা হয়েছে। আগামীকাল (আজ) খুলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’