এবার কবজি হারালেন 'বোমা কারিগর' সাহাব উদ্দিন

এবার ‘বোমা কারিগর’ সাহাব উদ্দিন এক হাতের কবজি হারালেন। অন্য হাতের তিনটি আঙুলও হারিয়েছেন তিনি। বছর দুই আগে ককটেল তৈরির সময়ও তিনি গুরুতর আহত হয়েছিলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে গত রোববার বিকেলে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাহাব উদ্দিনের এক কবজি উড়ে যায়। গুরুতর জখম হয় অন্য হাত।
ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই দিনই পার্শ্ববর্তী ইছাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ অলি প্রথম আলোকে বলেন, জেলায় বোমা তৈরির অন্যতম কারিগর সাহাব উদ্দিন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কাছে চড়া দামে ককটেল বিক্রি করতেন তিনি। তাঁদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওসি আরও বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এর আগে ২০১১ সালে ইউপি নির্বাচনে ককটেল তৈরির সময় গুরুতর আহত হন তিনি। এরপর এলাকায় ককটেল সাহাইফ্যা নামে পরিচিতি পান তিনি। বোমা তৈরি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাহাব উদ্দিন ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।
গতকাল সোমবার হাসপাতালের পঞ্চম তলায় ২৬ নম্বর ওয়ার্ডের বারান্দায় সাহাব উদ্দিনের সঙ্গে কথা হয়। তাঁর পুরো শরীরে স্প্লিন্টারের দাগ। দুই হাতে ব্যান্ডেজ। ভাত খাইয়ে দিচ্ছে ছেলে মহিউদ্দিন (১০)। সাহাব উদ্দিন বলেন, ‘ককটেলই আমার জীবন শেষ করে দিয়েছে। কেন বানাতে গেলাম, বুঝতে পারছি না। আমার কেন মরণ হলো না।’
ককটেল তৈরি ও বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে সাহাব উদ্দিন জানান, রাজনৈতিক দলের কর্মীরা ককটেল নিয়ে যান তাঁর কাছ থেকে। সম্প্রতি হরতাল বেড়ে যাওয়ায় ককটেলের চাহিদাও বেড়ে গেছে। ককটেলের উপকরণ সংগ্রহ করা হয় জেলার রাঙ্গুনিয়ার খোয়াজা হাট ও নগরের অন্যান্য স্থান থেকে। তবে রাজনৈতিক দলের ওই কর্মীদের নাম তাঁর জানা নেই।
ককটেল কত টাকায় বিক্রি করেন, জানতে চাইলে পাশ কাটিয়ে সাহাব উদ্দিন বলেন, ‘পেটের দায়ে এ পথে পা বাড়িয়েছি। আমি মধ্যপ্রাচ্যের আবুধাবিতে ছিলাম। বছর খানেক আগে এসেছি। যখন যা পাই, তা-ই করতাম। হাজারের ওপর যার থেকে যা নিতে পারি একেকটি ককটেল বিক্রিতে।’
একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে সাহাব উদ্দিন আরও বলেন, ‘বিদেশে যাওয়ার আগে পার্টি করতাম। এখন পেট পার্টি করি।’
সাহাব উদ্দিনের ছেলে মহিউদ্দিনের কাছে তার বাবা সম্পর্কে জানতে চাইলে সে বলে, ‘আমার বাবা প্রায়ই ঘরে থাকত না। বিভিন্ন লোক আসত। বোমার কথা শুনতাম।’