এবার কবির ফিরে পেল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন—সেফহোম’-এর বাসিন্দা আরেক শিশু ফিরেছে নিজের পরিবারে।
গতকাল সোমবার আদালতের নির্দেশে কবির হোসেন (৯) নামের ওই শিশুকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
১১ মার্চ প্রথম আলোয় ‘ফিরতে উন্মুখ ১১ মুখ’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন ছাপা হয়। ১৫ মার্চ প্রতিবন্ধী এক শিশুকে শনাক্ত করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সেফহোমের বার্তাবাহক হাবিবুর রহমান জানান, প্রথম আলোয় প্রতিবেদন দেখে নরসিংদীর বেলাব উপজেলা থেকে একটি পরিবার যোগাযোগ করে সেফহোমে ‘রাকীব’ নামে পরিচিত শিশুটি তাঁদের পরিবারের বলে জানায়। নিশ্চিত হওয়ার পর মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সিলেটের বেসরকারি সংস্থা এফআইভিডিবির আইনজীবীর মাধ্যমে বিষয়টি সিলেট মহানগর আমলি আদালত-৩-এ উপস্থাপন করা হয়। গতকাল বিচারক আনোয়ারুল হক এক আদেশে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
বেলা তিনটার দিকে সেফহোম থেকে কবিরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেফহোমে আইনি সহায়তা দেওয়া আইনজীবী সৈয়দা শিরিনা আক্তারও উপস্থিত ছিলেন।
কবিরকে তাঁর চাচা আকরাম হোসেন গ্রহণ করেন। আকরাম জানান, তাঁদের বাড়ি নরসিংদীর বেলাবর ঝালকান্দা সরদারবাড়ি। গত বছরের ১৮ মে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় কবির।