এবার কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসহ মায়ের আত্মহত্যা
হবিগঞ্জের ঘটনার এক দিন পরই মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল মঙ্গলবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসন্তান নিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহের কারণে তিনি এ আত্মহননের পথ বেছে নিয়েছেন।নিহতরা হলেন রুমা বেগম (৩২) ও রায়হান আলী (২)। তাঁদের বাড়ি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামেশ্বরপুর গ্রামের রাজমিস্ত্রি লেছু মিয়ার স্ত্রী রুমা বেগম তাঁর শিশুপুত্র রায়হানকে নিয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শমশেরনগর আউটার সিগন্যালে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে শিশুসন্তান নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। শমশেরনগর রেলস্টেশন মাস্টার শাহাজান খান জানান, বিষয়টি শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে জানালে জিআরপি থানার এসআই রতন কুমার ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করেন। তিনি বলেন, খবর পেয়ে নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে এলেও তাঁর শ্বশুরবাড়ির কেউ আসেননি। গৃহবধূ রুমার বড় বোন রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহের জের ধরে তাঁর বোন আত্মহত্যা করেছেন।এর আগে এক গ্রাম্য সালিসে অপমানের জের ধরে গত সোমবার হবিগঞ্জের মাধবপুরে চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন আরেক গৃহবধূ। এ ঘটনায় দুই শিশুসন্তানসহ ওই গৃহবধূ নিহত হন।