এবার কমলগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা
কমলগঞ্জের কুরমা বনাঞ্চলে গাছ চুরির সময় বনকর্মীর গুলিতে নিহত অধীর ভৌমিকের পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় বন কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা সীমান্তবর্তী কুরমা বনাঞ্চলে চুরি করে গাছ কাটার সময় বনকর্মীদের ছোড়া গুলিতে অধীর ভৌমিক আহত হন। ওই রাতে সিলেটের হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, শুক্রবার সকালে কুরমা বন বিট কর্মকর্তা রবীন সিংহ বাদী হয়ে অধীর ভৌমিকসহ অজ্ঞাত আরও ২৪ জনের বিরুদ্ধে থানায় বনকর্মীদের ওপর হামলা ও গাছ চুরির চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। একই দিন রাতে নিহত অধীর ভৌমিকের চাচা বলরাম ভৌমিক বাদী হয়ে রবীন সিংহসহ এবং আরেক বনকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে উল্লেখ করা হয়, জ্বালানি কাঠ সংগ্রহের সময় বনকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বনকর্মীদের ওপর কোনো হামলা করা হয়নি। কুরমা বনবিট কর্মকর্তা রবীন সিংহ ও রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য জানান, বন বিভাগের মামলা প্রতিহত করতেই চক্রটি উল্টো বন কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।