এবার কম্পিউটারের হার্ডডিস্কের জায়গায় সোনার বার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার ছয়টি বার ও ৪৭টি হার্ডডিস্ক আটক করা হয়েছে। এর মধ্যে চারটি বার জাহাঙ্গীর হোসেনের কম্পিউটারের হার্ডডিস্কের জায়গায় লুকানো ছিল।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল সোনাসহ জাহাঙ্গীরকে আটক করে।
শুল্ক গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আটক করা ৬০০ গ্রাম ওজনের এই সোনার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান প্রথম আলো ডটকমকে জানান, রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকায় আসেন জাহাঙ্গীর হোসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাঁর মালামাল তল্লাশি করে এসব সোনা আটক করেন। জাহাঙ্গীর চারটি সোনার বার কম্পিউটারের হার্ডডিস্কে ও বাকি দুটি বার তাঁর প্যান্টের পকেটে রেখেছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
গত সাত দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি সোনা আটকের চতুর্থ ঘটনা। ২৫ অক্টোবর এক কেজি ১৬১ গ্রাম সোনাসহ সৌদি ফেরত এক হাজিকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর আগে ২২ অক্টোবর মঙ্গলবার দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের শৌচাগারে ৩২ কেজি ও ২৩ অক্টোবর বুধবার ব্যাংকক থেকে আসা এক যাত্রীর ল্যাপটপের ভেতরে থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়।