এবার কর্মস্থলে ফিরতে কাউন্টারগুলোতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে লোকজন ঢাকায় ফিরতে রংপুরের বাস কাউন্টারগুলোতে কোনো টিকিট পাচ্ছেন না। একই সঙ্গে ট্রেনেরও কোনো টিকিট মিলছে না। বলা হচ্ছে, ৭ আগস্ট পর্যন্ত টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
কয়েকজন অভিযোগ করেন, টিকিট শেষ হয়ে গেছে—এমন অজুহাত দেখিয়ে লোকজনের কাছে টিকিটপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামেও বিক্রি হচ্ছে। এভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তদবির করে অনেকের টিকিট মিলেছে। তবে তাঁরা নাম প্রকাশ করতে বা পরিবহনের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
রংপুর নগরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে গত বৃহস্পতিবার দেখা যায়, প্রতিটি কাউন্টারের সামনে টিকিট পেতে লোকজনের ভিড়। কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, কোনো টিকিট নেই।
শহরের নিউ জুম্মাপাড়ার মজিবর রহমান তাঁর মেয়ের জন্য একটি টিকিট নিতে ঘুরছেন। তিনি বলেন, ‘ঈদের আগে থেকেই ঘুরছি। দেখা যাক, কী হয়। বেশি দাম দিয়ে হলেও টিকিট সংগ্রহ করতে হবে।’
শহরের জলকরের মাহাতাব হোসেন বলেন, ‘আগামীকালের (আজ শনিবার) জন্য একটি টিকিট প্রয়োজন। ঈদের পরের দিন থেকে ঘুরছি। এখনো মেলেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি চাকরিজীবী বললেন, ‘শীতাতপনিয়ন্ত্রিত একটি বাসের ৮০০ টাকার টিকিট এক হাজার ৪০০ টাকা করে চারটি টিকিট পাঁচ হাজার ৬০০ টাকায় কিনতে হয়েছে।’
শহরের ধাপ এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘সারা বছর বাসে চলাচল করে আসছি। কিন্তু ঈদে এসে টিকিটের জন্য অনেকের কাছে দেনদরবার ও তদবির করতে হয়।’
হানিফ কাউন্টারের ব্যবস্থাপক আবেদুল হোসেন বলেন, ‘এখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে আসে অনেক বেশি মানুষ। কিন্তু সে অনুযায়ী বাসের টিকিট আর কতটি? ঈদ ছাড়া অন্যান্য সময় গাড়িগুলোতে তেমন একটা লোকের চাপ থাকে না। তাই ঈদ এলে এমন কথা শুনতে শুনতে আমরাও অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু কিছু করার থাকে না।’
টি আর ট্রাভেলসের ব্যবস্থাপক মামুন হোসেন বলেন, ‘ঈদের পরে একসঙ্গে অনেক মানুষ ঢাকায় ফিরছে। কিন্তু সে অনুযাযী গাড়ির সংখ্যা কম। সেখানে আমরাও নিরুপায়। এতে অনেক পরিচিতজনের সঙ্গে সম্পর্কের অবনতিও ঘটে।’
রংপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস চলাচল করে থাকে। প্রতিদিন ৯৭টি আসন রংপুর স্টেশনের জন্য বরাদ্দ থাকলেও এখানেও কোনো টিকিট মিলছে না বলে লোকজনের অভিযোগ। শহরের খটখটিয়া গ্রামের হামিদ আলী বলেন, ‘টিকিট নেই। যদি অন্যভাবে টিকিট মেলে, সে জন্য স্টেশনে ঘোরাফেরা করছি।’
স্টেশনমাস্টার আকবর হোসেন বলেন, ঈদের আগেই টিকিট শেষ হয়ে গেছে। লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন।