সুনামগঞ্জে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও বাঁধের মেরামতকাজ এবারও স্থানীয় জনগণকে নিয়ে গঠিত কমিটির (পিআইসি) মাধ্যমে করা হবে। তবে এ বছর বাঁধের কাজ বাড়লেও বরাদ্দ পাওয়া গেছে কম।বরাদ্দ কম পাওয়ায় কাজও কম হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই অনেক হাওরের ফসল অরক্ষিত থাকবে। বিষয়টি নিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও চিন্তিত।পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওরে এক হাজার ৩৮২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। গত বছর জেলার ৩৭টি হাওরে ২৭৮ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য বরাদ্দ ছিল ২২ কোটি টাকা। এবার ৩৯টি হাওরের ৫৫০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত ও নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল ৪৪ কোটি টাকা। কিন্তু ৩০০ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য বরাদ্দ পাওয়া গেছে ১৬ কোটি টাকা। পাউবোর হিসাব মতে, এ বছর ২২ কিলোমিটার বাঁধের কাজ বেড়েছে আর বরাদ্দ পাওয়া গেছে গত বছরের চেয়ে ছয় কোটি টাকা কম।পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, এ টাকায় শুধু বাঁধের যে অংশ গত বছরের বন্যায় ভেঙেছে, সেসব স্থানে মেরামতকাজ করা হবে। যদি আর কোনো বরাদ্দ না পাওয়া যায়, তাহলে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করা যাবে না।কাজের নীতিমালা অনুযায়ী, এই ১৬ কোটি টাকার কাজ হবে স্থানীয়ভাবে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ১১ সদস্যের দুটি কমিটি থাকবে। তবে কাজ করবে মূলত স্থানীয় কমিটি। পাঁচ থেকে সাত সদস্যের প্রতিটি স্থানীয় পিআইসিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা একজন ইউনিয়ন পরিষদ সদস্য সভাপতি হিসেবে থাকবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। কাজের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মাসের মধ্যে স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানরা মিলে প্রকল্প বাস্তবায়ন কমিটির নাম জমা দেওয়ার কথা। কিন্তু এখনো কেউ তা জমা দেননি। এ কারণে বাঁধের কাজ যথাসময়ে শুরু না হওয়ার আশঙ্কা রয়েছে।টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক পরিমল কান্তি দে বলেন, ‘বরাদ্দ যা-ই আসুক, আমরা চাই, তা যেন যথাযথভাবে কাজে লাগে এবং সময়মতো কাজ শুরু ও শেষ হয়। কারণ, সুনামগঞ্জবাসী এই একটিমাত্র ফসলের ওপর নির্ভরশীল। এখানে কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না।’সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘বরাদ্দ কম পাওয়ায় কাজ কিছুটা কম হবেই। আমরা আরও বরাদ্দ চেয়েছি। যদি না পাওয়া যায়, তাহলে এই টাকায় যেটুকু করা সম্ভব, তা অবশ্যই করা হবে।’