এবার কামরান 'পথসভানির্ভর' আরিফের শুধু 'ঘরোয়া বৈঠক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচনী প্রচারণা এবার ‘পথসভা’নির্ভর। আগামী ১৫ জুন ভোট গ্রহণের দিনক্ষণ সামনে রেখে পক্ষকালের নির্বাচনী প্রচারণার মধ্যে তিনি মোট ৩০টি পথসভা করে ভোট প্রার্থনা করবেন।অন্যদিকে কামরানের প্রতিদ্বন্দ্বী ১৮-দলীয় জোট-সমর্থিত আরিফুল হক চৌধুরী কোনো পথসভা করবেন না। শুধু ‘ঘরোয়া বৈঠক’ করেই পুরো নির্বাচনী প্রচারণা চালাবেন। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নির্বাচনী ব্যয়ের সঙ্গে প্রচারণার মাধ্যম বিশ্লেষণে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এসব তথ্য উল্লেখ করেছেন। আজ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে  জানান, আজ ২৭ মে থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এই সময়ের মধ্যেই নির্বাচনী প্রচারণার মাধ্যম ও ব্যয়ের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখতে নির্বাচন কমিশনের বিশেষ দল মাঠে থাকবে।

বদরউদ্দিন আহমদ কামরান প্রচারণাকালে ৩০টি পথসভা করবেন। হলফনামায় নির্বাচনী প্রচারণায় তিনি ৩০ হাজার পোস্টার, এক লাখ লিফলেট, এক লাখ হ্যান্ডবিল, ৫০ হাজার স্টিকার, ১৬২টি ব্যানার, ৩০টি ডিজিটাল ব্যানার মুদ্রণের পাশাপাশি ৩০টি নির্বাচনী প্রতীক তৈরি করবেন বলে উল্লেখ করেছেন। তিনি ২৭টি ওয়ার্ডে ২৭টি নির্বাচনী ক্যাম্পের পাশাপাশি একটি কেন্দ্রীয় ক্যাম্প স্থাপন করবেন। 

নির্বাচনী প্রচারণায় পথসভানির্ভরতা প্রসঙ্গে বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘এসব পথসভায় আমার অবস্থান আমি ভোটারদের সামনে তুলে ধরতে সক্ষম হব। হলফনামায় উপস্থাপিত তথ্যগুলো যথাযথভাবে পূরণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেব।’অপর মেয়র পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী কোনো পথসভা করবেন না। ‘ঘরোয়া বৈঠক’ করে ভোট প্রার্থনা করবেন। হলফনামায় ঘরোয়া বৈঠকের সম্ভাব্য খরচ উল্লেখ করেছেন এক লাখ ৫৬ হাজার টাকা। তিনি ৩০ হাজার পোস্টার, এক লাখ লিফলেট, ২৭ হাজার হ্যান্ডবিল, ৪৫টি ব্যানার মুদ্রণের পাশাপাশি ৪০টি নির্বাচনী প্রতীক তৈরি করে প্রচারণা চালাবেন।

নির্বাচনে শুধু ঘরোয়া বৈঠক সম্পর্কে আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এতে করে গণমানুষের বেশি কাছাকাছি যাওয়া সম্ভব হবে। নগরজুড়ে যানজট, তাই পথসভা করে জটিলতা তৈরি করতে চাই না। সুন্দর ও পরিচ্ছন্ন প্রচারণায় অংশ নিয়ে নগরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চাই