এবার কারচুপির সঙ্গে এমব্রয়ডারি

ফেসবুকে একটু ঢুঁ দিলেই নানান ফ্যাশন পেজের বিজ্ঞাপন চোখে পড়ছে। বাহারি কাজ ও ঝলমলে পোশাকের বাহার। নকশায় নতুনত্ব আনার প্রতিযোগিতা। আর এত নকশার জোগান দিতে ব্যস্ত সময় যাচ্ছে ফেব্রিকস ও এমব্রয়ডারির দোকানগুলোর।
ফারজানা পন্নির নিজের নামেই অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস আছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী, ফরমাশ দিচ্ছিলেন নিউমার্কেটের ব্লক-বাটিকের এক দোকানে। একেকজনের একেক চাহিদা। প্রায় প্রতিদিনই তাঁকে আসতে হচ্ছে। এবারের ট্রেন্ড নিয়ে জানতে চাইলে পন্নি বলেন, ‘কারচুপি চলছে বেশি। অনলাইনে একটি ডিজাইন জনপ্রিয়তা পেলে ওটার চাহিদাই চলতে থাকে।’ তিনি নিজের মোবাইলে কয়েকটি নকশা দেখিয়ে বললেন, এখন পর্যন্ত প্রায় ১৫টির মতো ফরমাশ পেয়েছেন।

ঈদুল ফিতর কেন্দ্র করে নিউমার্কেটের ব্লক-বাটিকের চাহিদা নেই বললেই চলে। তবে এমব্রয়ডারির দোকানগুলোর ব্যস্ততা চোখে পড়ার মতো। বর্ণলতা এমব্রয়ডারি হাউসের দোকানি মো. রকি বলেন, ‘গতবার ডলারের কাজ চলছে। এবার এমব্রয়ডারির সঙ্গে কাচ বসানো কাজের চাহিদা বেশি।’ লিলেন বা জর্জেট কাপড়ে করা হয় এ কারচুপির কাজ। নিউমার্কেটে কারচুপির ধরন অনুযায়ী একেকটি কামিজের খরচ ৫০০ থেকে ১৫০০ টাকা। ১৫ রোজার পর তাঁরা কেউ নতুন ফরমাশ নেবেন না।
প্রিয়াঙ্গন শপিং সেন্টারে বেশ কটি এমব্রয়ডারির দোকান। ভিড়টাও এখানে তুলনামূলক বেশি। এমব্রয়ডারির সব দোকানেই ঝুলছে বাহারি নকশার পোশাক। ক্রেতারা নেড়েচেড়ে দেখছেন। শাম্মী রেজা তিন বোনের জন্য একই রকম পোশাক বানাবেন। কিছুটা দ্বিধায় আছেন কোন নকশার পোশাক পড়বেন তা নিয়ে। তিনি বলেন, ‘অনলাইনে দেখি অনেকেই কারচুপির পোশাকের ছবি দিচ্ছে। মনে হচ্ছে এবার সবাই এটাই পরবে বেশি। একটু দেরি হয়ে গেল, দোকানিরা নতুন ডিজাইন নিতে চাচ্ছে না।’
ফয়সাল এমব্রয়ডারি হাউসের মাস্টার মো. নাসির দেখালেন কী কী চলছে। গোড়াপাতি, স্প্রিং, স্টোন বসানোর কাজ বেশি এবার। গোড়াপাতিতে মূলত পুঁতির আধিক্য বেশি। স্প্রিং এ ভারী সুতা, পুঁতি, কাচ—সবই থাকে। তবে গোলাকৃতি কাচের নকশা বেশি চোখে পড়ল। তবে সব কারচুপির কাজ গলার দিকেই বেশি হচ্ছে। প্রিয়াঙ্গনে কাজের ধরন অনুযায়ী কামিজ প্রতি খরচ ৭০০ থেকে ২০০০ হাজার টাকা।

আশা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক মো. ইউসুফ বলেন, তাঁদের ঈদের ভিড় শুরু হয়েছে প্রায় ছয় মাস আগেই। অনলাইনভিত্তিক ফ্যাশন হাউসগুলো তাঁদের মূল ক্রেতা। এরা অনেক আগেই নকশা করিয়ে নেয়। তবে এখন আর নতুন নকশার ফরমাশ নিচ্ছেন না। তাঁদের দোকানে যে নকশাগুলো আছে, সেগুলোই করছেন।