এবার কালীমন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চুরির ঘটনা ঘটেছে পুরান ঢাকার সূত্রাপুরের হূষিকেশ দাস রোডের কালী ও শিবমন্দিরে। গত মঙ্গলবার মধ্যরাতে এ মন্দির থেকে সোনা, রুপাসহ আড়াই লাখ টাকার মালামাল খোয়া যায়। সূত্রাপুর থানায় এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ বলছে, এটি সংঘবদ্ধ চক্রের কাজ। এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার ধরনও এক রকম। তবে অপরাধীদের এখনো চিহ্নিত করা যায়নি। মন্দিরে মন্দিরে চুরির ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ২৩টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মনোবল দুর্বল করাসহ দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র তৎপরতা চালাচ্ছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে। সূত্রাপুরের বাসিন্দারা জানান, হূষিকেশ দাস রোডের মন্দিরটি শত বছরের পুরোনো। এর এক পাশে কালীপ্রতিমা ও অপর পাশে শিবমূর্তি রয়েছে। মধ্যরাতে চোরের দল মন্দিরের ছয়টি তালা ভেঙে ভেতরে ঢোকে। কালীপ্রতিমার গলা ও মাথায় পাঁচ ভরি ওজনের সোনা ও ছয় ভরি ওজনের রুপার অলংকার ছিল। ওই প্রতিমার পাশে একটি প্লাস্টিকের বাক্সে নগদ সাত হাজার টাকাও ছিল। চোরের দল মন্দির থেকে ওইসব মালামাল নিয়ে যায়। তবে শিবমূর্তির গায়ের রুপার অলংকার অক্ষত আছে। মন্দিরের পূজারি মানিক চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি মন্দির তালাবদ্ধ করে বাসায় চলে যান। গতকাল সকালে এসে দেখেন মন্দিরে লোকজনের ভিড়। তিনি বলেন, মন্দিরের পরিচ্ছন্নতাকর্মী অর্চনা রানীর কাছে মন্দিরে ঢোকার চাবি থাকে। কালীপ্রতিমার ভেতরে ঢোকার চাবি তিনি নিজে রাখেন। অর্চনা রানী জানান, তিনি সকালে এসে দেখেন মূল ফটকে তালা নেই। ভেতরের তালাগুলোও ভাঙা। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এই মন্দিরে কোনো নৈশপ্রহরী থাকে না। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে ভোরের মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে। মন্দির কমিটির সদস্যরা জানান, ঘটনার পর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক মন্দির কমিটির কর্মকর্তাদের জানান, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে। এটি পোশাদার চক্রের কাজ হতে পারে। তিনি মন্দিরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের অনুরোধ জানান।সূত্রাপুর থানা পূজা কমিটির কর্মকর্তা তপন ঘোষ প্রথম আলোকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়াতে এসব ঘটনা ঘটাচ্ছে। তিনি আরও বলেন, রাজধানীর জয়কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, রাজারবাগ মন্দির, মদনমোহন লেন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর বাইরে নারায়ণগঞ্জে ছয়টি ও মুন্সিগঞ্জে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর লালবাগের শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দিরে প্রায় ২০০ ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা চুরি হয়। ওই চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও কারা এর সঙ্গে জড়িত, তা পুলিশ বের করতে পারেনি। গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও ২২ ডিসেম্বর ওয়ারী থানার জয়কালী মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটে। মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা সূত্রাপুরের হূষিকেশ দাস রোডে কালীমন্দিরের চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা সারা দেশে মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।