এবার কেশবপুরে হাতুড়ি বাহিনীর হামলার শিকার হলেন কলেজছাত্র মেহেদী
এবার হাতুড়ি বাহিনীর নির্যাতনের শিকার হলেন কেশবপুর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১৮)। গত মঙ্গলবার সন্ধ্যায় হাতুড়ি বাহিনীর আবদুল আজিজের নেতৃত্বে ছয় থেকে সাতজন সন্ত্রাসী বাগিবতণ্ডার একপর্যায়ে মেহেদীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এ ব্যাপারে আহত মেহেদীর বাবা কেশবপুর থানায় একটি মামলা করেছেন।আহত মেহেদীর ভাই নজরুল ইসলাম বলেন, বাজারে আমাদের কয়েকটি দোকান রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আজিজের নেতৃত্বে কয়েকজন দোকানের দরজা ভাঙার চেষ্টা করে। এতে মেহেদী বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আজিজ কোমর থেকে হাতুড়ি বের করে মেহেদীর মাথায় আঘাত করে। এতে মেহেদীর মাথা ফেটে গেলে তাঁকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, আহত মেহেদীর বাবা খোরশেদ আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামের আবদুল আজিজ, মধ্যকূল গ্রামের পলাশ, রনি ও শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান চালানো হচ্ছে। তারা সবাই পলাতক রয়েছে।এলাকাবাসী জানায়, গত আড়াই বছরে মেহেদী হাসানসহ হাতুড়ি বাহিনীর হাতে মোট ৩০ জন নির্যাতনের শিকার হয়েছেন। কেশবপুর থানায় এই বাহিনীর অনেক সদস্যের নামে মোট ১২টি মামলা রয়েছে। বর্তমান মামলার আসামি যুবলীগের নেতা আজিজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা হয়েছে।উল্লেখ্য, হাতুড়ি বাহিনীর আইনি সহায়তাদানকারী আওয়ামী লীগের নেতা আইনজীবী মিলন মিত্রকে বর্তমান মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।