এবার কৈলাসটিলায় ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় আরেকটি গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের কাজ শুরু করেছে বাপেক্স। গতকাল শনিবার থেকে সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে ভূগর্ভে ঘটানো বিস্ফোরণের শব্দসংকেত ধারণের জন্য জিওফোন বসানোর স্থান নির্ধারণের কাজ শুরু করেছে বাপেক্সের জরিপ দল। আগের ক্ষেত্রটির জরিপের মতো এতেও কৃত্রিম উপগ্রহভিত্তিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হবে।মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা একটি গ্যাসক্ষেত্রে বাপেক্সের বিশেষজ্ঞরা সম্প্রতি ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু করেছেন। এ দেশে তেল-গ্যাস অনুসন্ধানের ১০০ বছরের ইতিহাসে রাষ্ট্রীয় কোম্পানির ত্রিমাত্রিক জরিপের কাজ এটাই প্রথম।কৈলাসটিলায় জরিপ সম্পর্কে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জজুড়ে অবস্থিত ক্ষেত্রটিতে ডিনামাইট বিস্ফোরণ ও তার তথ্য সংগ্রহের কাজ শেষ হতে জানুয়ারি মাস পার হয়ে যাবে। তবে সেখানে সার্ভের মাধ্যমে সুনির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ কয়েক দিন আগেই শেষ হয়েছে। তাই কাজ এগিয়ে রাখার জন্য সার্ভে দলটি কৈলাসটিলায় কাজ শুরু করেছে।ব্যবস্থাপনা পরিচালক বলেন, কাজ এগিয়ে রাখতে জরিপ দলের বিভিন্ন পর্যায়ের কার্যালয়, বাসস্থান, বিস্ফোরক রাখার স্থান তৈরি করাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজও করে রাখা হচ্ছে। সিলেটের কৈলাসটিলা থেকে গতকাল জরিপ দলের প্রধান মেহেরুন হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা জরিপের আওতাভুক্ত সব এলাকা চিহ্নিত করে বিস্ফোরক স্থাপন ও তথ্য সংগ্রহের জন্য জিওফোন বসানোর সুনির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ শুরু করেছি। বর্ষা মৌসুম শুরুর আগেই রশীদপুর ও কৈলাসটিলায় ভূকম্পন জরিপ শেষ করার লক্ষ্য আমাদের ছিল। সেই লক্ষ্য পূরণের জন্যই কাজ করা হচ্ছে। মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বাপেক্সের শীর্ষ কর্মকর্তারা এই কাজে জরিপ দলকে বিশেষভাবে উৎসাহিত করছেন।’বাপেক্স মোট পাঁচটি ক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করবে। এর মধ্যে প্রথমটির (মৌলভীবাজার-হবিগঞ্জজুড়ে বিস্তৃত) মাঠপর্যায়ের কাজ প্রায় শেষ। এর আওতায় ইতিমধ্যে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাজ হয়েছে। কৈলাসটিলার কাজ সাবেমাত্র শুরু করা হলো। অন্য ক্ষেত্রগুলো হচ্ছে: সিলেটের হরিপুর, কুমিল্লার বাখরাবাদ ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস। অগ্রসর-প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক ভূকম্পন জরিপকাজের মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সামর্থ্য আন্তর্জাতিক-পর্যায়ে উন্নীত হচ্ছে।সংশোধনী: গতকাল প্রথম আলোতে প্রকাশিত শনিবারের বিশেষ প্রতিবেদনে অনবধানতাবশত ‘মৌলভীবাজারের রশীদপুর গ্যাসক্ষেত্র’ কথাটি লেখা হয়েছে। প্রকৃতপক্ষে গ্যাসক্ষেত্রটি মৌলভীবাজার ও হবিগঞ্জ—এ দুটি জেলার ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। রশীদপুরসহ বিভিন্ন স্থানে এর ত্রিমাত্রিক জরিপ চলছে।