এবার কোরবানির পশুর দাম কম
কোরবানির পশুর হাটগুলো ক্রেতা-বিক্রেতায় ভরে উঠেছে। কিন্তু সে তুলনায় কেনাবেচা তেমন শুরু হয়নি। গত বছরের তুলনায় এবার পশুর দাম কম। ধান-পাটের দাম কম থাকায় এমনটি হয়েছে বলে ধারণা করছেন ক্রেতা-বিক্রেতারা।পঞ্চগড়ের প্রধান প্রধান পশুর হাট রাজনগর, নগরকুমারী, ময়দানদীঘি, জগদল, সাকোয়া, পাঁচপীর, ফকিরগঞ্জ, শালবাহান, চাকলা, লক্ষীরহাট, কালীগঞ্জহাটে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাটে কোরবানির জন্য প্রচুর পশু আমদানি হলেও তেমন বেচাকেনা হচ্ছে না। রাজনগর হাটে গিয়ে দেখা যায়, গত বছর যে গরু ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার একই রকম গরু পাওয়া যাচ্ছে ১৫-১৭ হাজার টাকায়। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা বলে জানান ব্যবসায়ী ও বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা। রাজনগর হাটে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার গরুর ব্যবসায়ী ছলেমান আলী হাটে আটটি গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম কম। এবার প্রতিটি গরু কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকা কম।পঞ্চগড় শহরের নিউ মার্কেট এলাকার হামিদুর রহমান কোরবানির গরু কিনতে এসেছেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা কম। একই কথা বলেন মোশাররফ হোসেন। তাঁরা বলেন, কোরবানির পশুর আমদানি প্রচুর, তাই দাম একটু কম।