রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পর এবার কোষাধ্যক্ষের পদও শূন্য হয়েছে। গতকাল শুক্রবার কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মার্চ চার বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ১৯ মার্চ এই দুজন তাঁদের শেষ কর্মদিবস অতিবাহিত করেন। প্রায় দেড় হাজার শিক্ষক ও ৩৫ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে শীর্ষ দুটি পদ খালি থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ১৯ মার্চ মেয়াদ শেষ হওয়ার পর ২০ মার্চ রেজিস্ট্রারের দপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পদ শূন্য হওয়ার বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, ২০১৩ সালের ৬ মে কোষাধ্যক্ষ পদে সায়েন উদ্দিন আহমেদ চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। ৫ মে তাঁর মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবারই তাঁর শেষ কর্মদিবস ছিল।
সায়েন উদ্দিন আহমেদ বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্য না থাকায় প্রশাসনিক কার্যক্রম কোনোভাবে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমার মেয়াদকাল শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাজগুলো পুরোপুরি থেমে যাবে।’