এবার খাল দখল করলেন খয়রা বিলের দখলদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার খয়রা বিলের দখলদারেরা এবার স্থানীয় একটি খাল দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে দখলদারদের তিন শতাধিক ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খালটি দখল করেন। এ সময় তাঁরা জেলেদের দুই লাখেরও বেশি টাকার জাল ও মাছ ধরার উপকরণ ধ্বংস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিন শতাধিক লোক লাঠি, রামদা, হাঁসুয়াসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রামইয়া গ্রামে ঢোকেন। তাঁরা রামগুইয়া, বাঙ্গালপাড়া ও দাউদপুর গ্রামে অস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টায় তাঁরা বাঙ্গালপাড়া গ্রামে অবস্থিত ষষ্ঠীখালী খালে পৌঁছে সেখানে থাকা জেলে ও স্থানীয় লোকজনকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন।
স্থানীয় জেলে ধীরেন্দ্রনাথ জানান, ষষ্ঠীখালী খালটি তাঁরা স্থানীয় মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়েছেন। খালের মুখে জাল বসিয়ে তাঁরা মাছ ধরে আসছিলেন। এখন খয়রা বিলের দখলদারেরা খালটি দখল করে নিয়েছেন। স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, বিল দখলদার স্থানীয় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেনের নেতৃত্বে খাল দখল করা হয়েছে।