এবার খায়রুজ্জামানের উন্নয়নের ‘মহাপরিকল্পনা’ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের উন্নয়নে ২৫ বছর মেয়াদি ‘মহাপরিকল্পনা’ গ্রহণের ঘোষণা দিয়েছেন মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি ৩৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।রাজশাহী সিটি করপোরেশনের ২০০৮ সালের নির্বাচনের আগে ২৩ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন খায়রুজ্জামান। জয়ী হওয়ার পর তিনি ২৩ দফাকে সামনে রেখে রাজশাহীর উন্নয়নে ‘রূপকল্প-২০১৮’ নামের একটি পরিকল্পনা ঘোষণা করেন। সেই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন বা মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিলেন। নগরের একটি রেস্তোরাঁয় গতকাল সংবাদ সম্মেলনে ইশতেহারের ৩৭ দফা তুলে ধরেন খায়রুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। এর বেশির ভাগজুড়েই রয়েছে, আগের পরিকল্পনার ‘অসমাপ্ত’ কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে, রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর (স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিগতভাবে অনুমোদন করেছে), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর (প্রক্রিয়াধীন), রাজশাহী সিটি বিশ্ববিদ্যালয় স্থাপন (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায়), রাজশাহীতে বিকেএসপি স্থাপন (অনুমোদনের অপেক্ষায়), একটি পূর্ণাঙ্গ টেলিভিশনকেন্দ্র স্থাপন (চূড়ান্ত পর্যায়ে আছে), আইটি ভিলেজ স্থাপন (চূড়ান্ত পর্যায়ে আছে), নগরে নির্মাণাধীন ১৪টি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করা, ধারাবাহিকভাবে নগরের সব বাড়িতে গ্যাস-সংযোগ সম্প্রসারণ, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় পার্কে দেশের প্রথম আধুনিক নভোথিয়েটার নির্মাণ (প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়), রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু স্থাপন ও রাজশাহী শহর রক্ষা বাঁধের অসমাপ্ত কাজ সমাপ্ত করা।ইশতেহারের নতুন প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে নগরের তিন থানায় মানসম্পন্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ, দুটি আবাসিক এলাকা গড়ে তুলে স্বল্পমূল্যে মুক্তিযোদ্ধাদের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা করা এবং নগরে আধুনিক বাজার নির্মাণ। ইশতেহারে আরও রয়েছে, রাজশাহী ও ঢাকার মধ্যে আরেকটি আন্তনগর ট্রেন চালুর ব্যবস্থা গ্রহণ, রাজশাহীকে রপ্তানি বাণিজ্যের আওতায় আনতে রাজশাহী-চট্টগ্রাম সরাসরি রেল যোগাযোগ স্থাপন এবং ক্রমান্বয়ে নগরের বিদ্যালয়-মহাবিদ্যালয়গুলোকে সিটি করপোরেশনের পরিচালনার আওতায় নিয়ে আসা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খায়রুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সাংসদ শাহরিয়ার আলম, নাগরিক কমিটির আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন, নগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, জাসদ নেতা আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।