এবার খুনের মামলা থেকেও অব্যাহতি পেলেন আ.লীগ নেতাসহ পাঁচ আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম খুনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিযোগপত্রভুক্ত আসামি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমসহ পাঁচজন। সরকারি কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবদুর রহমান সরদার গতকাল বুধবার এ আদেশ দেন। অব্যাহতিপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন: ফারুকুজ্জামান জন, সামসুজ্জামান ডন, শহিদুল ইসলাম ও আমিরুল ইসলাম। এর আগে ১৩ আগস্ট আনোয়ারুল আজিমকে ১৩ কেজি সোনা চোরাচালান মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়। গতকাল আদেশ দেওয়ার সময় বিচারক আবদুর রহমান সরদার বলেন, পিপি ও এপিপিরা আদালতকে জানিয়েছেন, ওই পাঁচজনের বিরুদ্ধে সরকার মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পিপি স্বরাষ্ট্র মন্ত্র্রণালয় থেকে পাঠানো পত্রটিও আদালতে দাখিল করেন। এ কারণে ওই পাঁচজনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো।কাগজে-কলমে আনোয়ারুল আজিমকে পলাতক দেখানো হলেও তিনি মামলার শুরু থেকেই প্রকাশ্যে রয়েছেন। গতকালও তিনি চুয়াডাঙ্গায় আসেন এবং আদালতের বারান্দায় দাঁড়িয়ে আদেশ শোনেন। গতকাল মামলার চার্জ গঠনের দিন থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পিপি আলমগীর হোসেন জানান, আনোয়ারুল আজিমসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা না চালানোর সরকারি সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে জানানো হয়েছে; যার পরিপ্রেক্ষিতে আদালতে আবেদন করা হয়।