এবার খুলনা-বনগাঁ ট্রেন চালানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতার পর এবার খুলনা-বনগাঁ যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ট্রেন চলাচলের সম্ভাব্যতা খতিয়ে দেখতে গত শনিবার ভারতীয় রেল, অভিবাসন, শুল্ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত রেললাইন পরিদর্শন করেছেন।
২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ চলাচল শুরু হয়েছিল। প্রথম দিকে সপ্তাহে দুদিন চললেও এখন ট্রেনটি সপ্তাহে তিন দিন চলাচল করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-কলকাতা ট্রেন চলাচল সফল হওয়ায় নতুন করে খুলনা-বনগাঁ ট্রেন চালানোর চিন্তা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এই ট্রেনটি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁ স্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল স্টেশন ছুঁয়ে খুলনায় যাবে। এই পথে ১৯৬২ সাল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করত। এরপর তা বন্ধ হয়ে যায়। তবে এই পথে এখনো পণ্যবাহী ট্রেন চলাচল করে।
মাস ছয়েক আগে কলকাতার রেলওয়ে কার্যালয়ে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে খুলনা-বনগাঁর মধ্যে একটি যাত্রী ট্রেন চালানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। এবার সেই লক্ষ্যে বনগাঁ-খুলনা পথে এই ট্রেন চলাচলের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ভারতীয় রেল, অভিবাসন, শুল্ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত রেললাইন পরিদর্শন করেন। এই প্রতিনিধিদলে আরও ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং রেল পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গের শিয়ালদহ শাখার রেলওয়ে ম্যানেজার জয়া ভর্মা সিনহা বলেছেন, কলকাতা-খুলনার মধ্যে ট্রেন চালানোর বিষয়ে আগেই আলোচনা হয়েছিল। সে অনুযায়ী বিষয়টি পর্যবেক্ষণে যান কর্মকর্তারা।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে রেল কর্তৃপক্ষ এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছে। তাঁদের ধারণা, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে খুলনা-বনগাঁর মধ্যে এ ট্রেন চালানোর সিদ্ধান্ত হতে পারে।