এবার খোঁড়াখুঁড়ি নয়াপল্টন রাজারবাগ চামেলীবাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ির বিস্তার এখন নয়াপল্টন, রাজারবাগ-চামেলীবাগে। এ ছাড়া খোঁড়াখুঁড়ির জন্য প্রস্তুত ক্যাপ্টেন মনসুর আলী সরণির সার্কিট হাউস রোডের সামনে থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত দিকের রাস্তা। সেখানে রাখা হয়েছে মোটা মোটা আরসিসি পাইপ। সর্বত্রই অব্যবস্থাপনা।
গতকাল মঙ্গলবার এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। জলাবদ্ধতা কমিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যে ড্রেনেজ লাইন নির্মাণ করছে, এই খোঁড়াখুঁড়ি তারই কাজের অংশ।
নয়াপল্টনে সাত্তার টাওয়ার, হোটেল ভিক্টোরি ও বিএনপি অফিসের কাছে খোঁড়াখুঁড়ি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে খুঁড়ে নেওয়া মাটি, ইট এবং নির্মাণসামগ্রী রাখা হয়েছে অগোছালোভাবে। যার জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (রাজারবাগ) সামনে থেকে রাজারবাগ মোড় পর্যন্ত রাখা হয়েছে অনেক মোটা পাইপ। এতে হাসপাতালে যাতায়াতে সমস্যা তো হচ্ছেই, পাশাপাশি সার্বক্ষণিকভাবে যানবাহন চলাচলের ব্যস্ত রাস্তাটি সরু হয়ে গেছে। দুপুর ১২টার দিকে দেখা যায়, সেখানে রিকশা, অটোরিকশা আর ব্যক্তিগত গাড়ির চলাচল প্রায় থেমে আছে। পুলিশ হাসপাতালের একজন প্রহরীকে পেয়ে পথচারী, রিকশাযাত্রীরা জানতে চাইছিলেন, রাস্তাজুড়ে এভাবে পাইপ বসিয়ে রাখা হয়েছে কেন? প্রহরী বললেন, ‘কর্তৃপক্ষকে জিজ্ঞাস করেন।’ পরে তিনি স্বগতোক্তি করেন, ‘কত দিন যে এই অবস্থা চলব, কতজনকে আর জবাব দিমু।’
রাজারবাগ পুলিশ লাইনসের মোড়েও একই অবস্থা। চামেলীবাগ যাওয়ার রাস্তার দুই দিকে ফুটপাত খোঁড়া হয়েছে। পুলিশ লাইনস পানির পাম্পের দেয়ালের সামনে থেকে প্রধান ফটক পর্যন্ত এবং এরপর হোয়াইট হাউস রেস্তোরাঁ পর্যন্ত ফুটপাত খুঁড়ে ভেতরের মাটি ও বর্জ্য রাখা হয়েছে রাস্তার ওপর। বিপরীত দিকেও একই অবস্থা। সেখানে ফুটপাত ভেঙে রাস্তায় এমনভাবে রাখা হয়েছে যে চলাচল ব্যাহত হচ্ছিল। কাটা গাছের অংশও পড়ে আছে। ফুটপাত ভেঙে ফেলায় যানবাহনের পাশে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছিল পথচারীদেরও। শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দ্রুত যাওয়া দরকার কমলাপুর জসীমউদ্দীন রোডের বয়োজ্যেষ্ঠ এক বাসিন্দার। তাঁকে নিয়ে আসা অটোরিকশা আটকে আছে প্রায় ১৫ মিনিট। অসুস্থ ব্যক্তির ছেলে রবিউল আলম এই প্রতিবেদকের কাছে ক্ষোভ জানান, ‘উন্নয়নের জন্য খোঁড়াখুঁড়ি হবে। সব রাখা হবে রাস্তার ওপর। কোনো নিয়মকানুন মানা হবে না। মানুষকে কেন ইচ্ছাকৃত দুর্ভোগের শিকার হতে হবে?’
এক রিকশাচালক আরেক রিকশাচালককে বলছেন, ‘সিঙ্গেল (সিগন্যাল) না মানলে আমাগো পিঠে মাইর পড়ে, কিন্তু এইখানে যে নিয়ম মানা হয় না, অ্যার বিচার অয় না।’
যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, অহেতুক যাতে মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়ে ঠিকাদারদের নির্দেশ দেওয়া আছে।
এলাকার কাউন্সিলর (১৩ নম্বর ওয়ার্ড) মোস্তবা জামান বলেন, এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে। তবে রাস্তার ওপর মাটি এবং নির্মাণসামগ্রী না রাখার বিষয়ে ঠিকাদারকে বলা হয়েছে।
ক্যাপ্টেন মনসুর আলী সরণির সার্কিট হাউস রোডের সামনে থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত দিকের রাস্তা পর্যন্ত রাখা হয়েছে বেশ কয়েকটি মোটা আরসিসি পাইপ। খুব শিগগির সেখানে খোঁড়াখুঁড়ি শুরু হবে বলে জানা গেছে।
জলাবদ্ধতা কমাতে এর আগে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর বাজার এলাকা, মগবাজার, মৌচাক, মালিবাগ এলাকায় খোঁড়াখুঁড়ি হয়েছে। এখনো কাজ শেষ হয়নি। চলছে দুর্ভোগ।