এবার গণিত প্রশ্ন ফাঁসের অভিযোগ
এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগের গণিত (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছেন একাধিক পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। গতকাল রোববার এ বিষয়ের পরীক্ষা হয়।
এর আগে প্রশ্ন ফাঁসের কারণে গত ১০ এপ্রিল এই বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। এ নিয়ে এখনো তদন্ত চলছে। এরই মধ্যে পদার্থবিজ্ঞানসহ আরও কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।
সর্বশেষ ১৮ মে বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়৷ এরপর গতকাল ছিল গণিত পরীক্ষা৷ এ অবস্থায় কয়েক দিন ধরে গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগ শোনা যাচ্ছিল। গতকাল পরীক্ষার পর একাধিক অভিভাবক ও শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের প্রায় সবই মিলেছে।
গণিত পরীক্ষার আগে ফেসবুকে প্রশ্নের একাধিক কপি দেখা যায়৷ এর মধ্যে কিছু প্রশ্ন হাতে লেখা এবং কিছু ছিল টাইপ করা৷ গত শনিবার একজনের ফেইসবুকে ৩৮টি প্রশ্ন (কয়েকটি প্রশ্ন একাধিকবার ছিল) দেওয়া হয়৷ গতকাল পরীক্ষার পর মিলিয়ে দেখা যায়, ১৮টি মিলেছে৷
আবার শনিবার রাত নয়টার দিকে প্রথম আলোর কাছে ১৫টি হাতে লেখা প্রশ্ন আসে৷ গতকাল পরীক্ষার পর তা থেকে মাত্র পাঁচটির মিল পাওয়া যায়৷ শনিবার গভীর রাতে প্রথম আলো হাতের লেখা আরেকটি প্রশ্নের সেট পায়৷ তাতে ২৬টি প্রশ্ন ছিল৷ গতকাল দেখা গেছে যে তা থেকে ২১টি মিলেছে৷
গণিত পরীক্ষায় ১৮টি ক্রমিক নম্বরে ৪৪টি প্রশ্ন ছিল৷ তার মধ্যে ২২টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়৷
গতকাল মুঠোফোনে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজের গণিতের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, তিন-চার দিন ধরে যে প্রশ্ন পাওয়া যাচ্ছিল, গতকাল পরীক্ষার পর দেখা গেছে, সেগুলো মিলে গেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন ছাত্র গতকাল প্রথম আলোর কার্যালয়ে এসে জানান, তিনি নটর ডেম কলেজের একজন পরীক্ষার্থীকে পড়াতেন। ওই ছাত্র গত শুক্রবার সাজেশন আকারে এ ধরনের কিছু প্রশ্ন পেয়েছিল, যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে গেছে (একটি ছাড়া)৷
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, ‘কোনো মাধ্যম থেকে শিক্ষামন্ত্রীও এ ধরনের কিছু প্রশ্ন পেয়ে আমাকে ই-মেইল করেছিলেন৷ সেটি মূল প্রশ্নের সঙ্গে মেলেনি। আমি নিজেও ফেসবুক থেকে এ ধরনের প্রশ্ন দেখেছি, মেলেনি।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এটা অসম্ভব, এটা একবারে মিথ্যা কথা৷ আর পরীক্ষার পর এ ধরনের অভিযোগ করা হলে তা প্রমাণ হয় কী করে?’
একটি প্রতিবাদ: প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলমান পরস্থিতিতে মুখ বুজে বসে থাকতে পারেননি ফরিদপুরের একজন এইচএসসি পরীক্ষার্থী৷ তিনি গত ১৫ মে ফরিদপুরের কোতোয়ালি থানায় গিয়ে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান৷ কিন্তু পুলিশ জিডি না নিয়ে তাঁকে ‘ঘাড় ধরে’ বের করে দেন বলে অভিযোগ করেন ওই ছাত্র৷ এরপর তিনি জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে যান৷ এসপি তাঁকে শিক্ষা কর্মকর্তার কাছে যাওয়ার পরামর্শ দেন৷ শিক্ষা কর্মকর্তা তাঁকে ‘ওপরের মহলে জানানো আছে’ বলে বিদায় করেন৷
ওই শিক্ষার্থী এ ঘটনা প্রথম আলোকে লিখিতভাবে জানান৷ তাতে বলা হয়, ‘আজকে সব এসএসসি ও এইচএসসি ছাত্রছাত্রীরা প্রশ্নের খোঁজে ইন্টারনেটে বসে থাকে।....প্রশ্নের চিন্তায় তাঁরা পরীক্ষার আসল পড়াটা পর্যন্ত রিভিশন দিতে পারে না।....সরকার ও প্রশাসনের বরাবর বিভিন্ন মহল থেকে অভিযোগ দেওয়ার পরও যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বুঝতে হবে যে সরকারের স্বার্থ আছে এতে।’
এই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বাবা (নাম প্রকাশ করা হলো না) প্রথম আলোকে বলেন, ‘আমার এই ছেলেটির মাইগ্রেনের সমস্যা আছে৷ সে মানসিকভাবে কিছুটা অসুস্থ৷ এ অবস্থায়ই সে এসএসসি পাস করেছে। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, ‘আমার ছেলেটা এমনিতেই জেদী, প্রতিবাদী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সে যায়নি এমন কোনো জায়গা নেই। তার জন্য আমরাও বেশ দুশ্চিন্তায় আছি। দেশের বর্তমান প্রেক্ষাপট তো জানেন। তার এমন প্রতিবাদী হওয়া কি ঠিক? আপনারা ওকে একটু বোঝান।’
জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুজ্জামান বলেন, ‘সে সরকারের বিরুদ্ধে জিডি করতে এসেছিল। ও মানসিকভাবে অসুস্থ।’
পুলিশের এই বক্তব্য ওই শিক্ষার্থীকে জানানো হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়েছি, সবাই সচেতন হোক। পুলিশ কোনো পদক্ষেপ নিক। কিন্তু জিডি কীভাবে করতে হয় জানি না। আমি শুধু আমার ক্ষোভটা জানিয়েছি। অথচ পুলিশ আমাকে অসুস্থ বলে তাড়িয়ে দিল। আজ তো প্রশ্ন দেখলেন৷ এবার বলেন, আমি অসুস্থ, নাকি আপনারা?’