এবার গর্জন বন দখল করে ৩৩ দোকান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের সংরক্ষিত ন্যাশনাল পার্কের শতবর্ষী গর্জনগাছ নিধন ও বনভূমি দখল করে তিন হাজার বাড়িঘর তৈরির পর এবার সংরক্ষিত গর্জন বন দখল করে নির্মাণ করা হয়েছে অস্থায়ী ৩৩টি অবৈধ দোকানপাট। এখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ২৫টির বেশি বড় বড় গর্জনগাছ কেটে ফেলে তাতে স্থায়ী অবকাঠামো (দোকানপাট) নির্মাণের চক্রান্ত চলছে।কক্সবাজার (উত্তর) বন বিভাগের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বন বিটের আওতাধীন (মালুমঘাট মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালের পূর্ব পাশে) শতবর্ষী মালুমঘাট গর্জন বনে দিনদুপুরে এই দখলের রাজত্ব চললেও সংশ্লিষ্ট বন কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মালুমঘাট বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সংশ্লিষ্ট বন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে স্থানীয় কতিপয় প্রভাবশালী বিশাল গর্জন বন দখল করে তাতে শতাধিক দোকানপাট তৈরি করছে। গত চার দিনে তারা ৩৩টি দোকান তৈরি করে ফেলেছে। গত বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে মালুমঘাট বাজারের উত্তর পাশে বিশাল গর্জন বনের ভেতরে ওই সব অবৈধ দোকানপাট তৈরি করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন দখলদার (দোকানের মালিক) বলেন, বন কর্মকর্তাদের ম্যানেজ করেই প্রায় এক একর সংরক্ষিত বনাঞ্চল দখল করে এসব দোকানপাট তৈরি করা হয়েছে। এ কারণে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় জাফর আলম, আমান উল্লাহ, মনজুর আলম, ফোরকান, রমজান আলী, গিয়াস উদ্দিন, হাসান আলীসহ অন্তত ৩০ জন মিলে দোকানগুলো নির্মাণ করেন। এখন অন্যান্য লোকজনও দাবি করায় আরও কিছু দোকানঘর নির্মাণের প্রস্তুতি চলছে। দোকান তৈরির খুঁটিও সংরক্ষিত বন থেকে সংগ্রহ করা হয়েছে।সংশ্লিষ্ট ডুলাহাজারা বন বিট কর্মকর্তা বাহার উদ্দিন সংরক্ষিত গর্জন বন দখল করে অবৈধ দোকানপাট তৈরির সত্যতা স্বীকার করে বলেন, ‘দখলদাররা সবাই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক। তাই অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে পারছি না। তবে ১৬ জুলাই সংরক্ষিত বন দখল করে দোকানপাট তৈরির ব্যাপারে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।’ কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এম খালেক খান বলেন, ‘গর্জন বন দখল করে দোকানপাট নির্মাণের খবর পেয়েছি। এখন দখলদারদের তালিকা তৈরি হচ্ছে। অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করা হবে।’কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ‘১৯২৭ সালের বন আইন অনুযায়ী, সংরক্ষিত বনের ভেতরে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার রহস্যজনক নীরবতা ও দুর্নীতির কারণে সরকারি বনের এই বেহাল অবস্থা যাচ্ছে। দুর্নীতিবাজ বন কর্মকর্তাদের সম্পদের হিসাব খতিয়ে দেখতে আমরা দুদকে আবেদন পাঠাচ্ছি।’