এবার গাজীপুরের মেয়র বরখাস্ত
ফৌজদারি মামলা থাকায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক বলেন, আজ দুপুর দুইটার দিকে আদেশের কপি ই-মেইলের মাধ্যমে পাওয়া গেছে।
এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে একই কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া এই তিনজনের সবাই বিএনপির নেতা। বিএনপির অভিযোগ, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ তুলে তাঁদের বরখাস্ত করা হয়।
মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গত ১২ মে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজধারী মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। দুই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।