এবার গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার পোস্ট অফিসের পাশের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। দুই গাড়ির চাপায় কলেজছাত্র রাজীব হোসেনের ডান হাত কাটা যাওয়ার একদিন পরই বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটল। নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির গাড়িবহর যাওয়ার পরপরই রাস্তা পার হওয়ার সময় ওই যুবককে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সবিন চন্দ্র মাহাতু প্রথম আলোকে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।