এবার গোখাদ্য নিয়ে বিপাকে খামারিরা
টানা অবরোধ-হরতালের কারণে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে দুধ বেচতে না পারায় এমনিতেই বিপদে আছেন পাবনা-সিরাজগঞ্জের খামারিরা। এর ওপর এক মাসের ব্যবধানে গোখাদ্যের দাম ব্যাপক বেড়ে যাওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেন তাঁরা।
খামারিদের অভিযোগ, পরিস্থিতির সুযোগে একশ্রেণীর ব্যবসায়ী গোখাদ্যে ভেজাল দেওয়ার পাশাপাশি ওজনেও কম দিচ্ছেন।
পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুগ্ধ উত্পাদনকারী অঞ্চল। মিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ কয়েকটি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এ অঞ্চল থেকে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করেন। লাগাতার হরতাল-অবরোধের কারণে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দেওয়ায় খামারিরা উত্পাদিত দুধ স্থানীয় বাজারে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ব্যাপক লোকসান হচ্ছে তাঁদের। কিন্তু হঠাত্ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এই লোকসান আরও বেড়ে গেছে।
খামারিরা জানান, গবাদিপশুর প্রধান খাদ্য হলো খড় ও গমের ভুসি। মাস খানেক আগে প্রতি মণ খড়ের দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। এখন এর দাম হয়েছে ২৬০ টাকা। প্রতি বস্তা (৩৭ কেজি) গমের ভুসির দাম ছিল ৮০০ টাকা। এখন এর দাম এক হাজার টাকা।
বেড়া পৌর এলাকার বৃশালিখা ঘাটের গোখাদ্য ব্যবসায়ী আবদুল কাদের জানান, গোখাদ্যের এমন সংকট আগে দেখা যায়নি। আবার হরতাল-অবরোধ হলে অতিরিক্ত টাকা দিয়েও গোখাদ্য মিলবে না।
খামারিদের অভিযোগ, গোখাদ্যের চাহিদাকে পুঁজি করে একশ্রেণীর ব্যবসায়ী ভুসির সঙ্গে ধানের তুষ, পচা আটা, পচা চাল, কাঠের গুঁড়া প্রভৃতি মেশাচ্ছেন। এরপর সেগুলো বস্তায় ভরে ভুয়া লেবেল লাগিয়ে বাজারজাত করছেন। অন্যদিকে প্রতি মণ খড়ে পাঁচ থেকে আট কেজি করে কম দেওয়া হচ্ছে।
বেড়া ও সাঁথিয়া উপজেলার বেশ কয়েকটি খড় বিক্রির স্থান ঘুরে দেখা গেছে, কোনো বিক্রেতার কাছেই ওজন দেওয়ার জন্য দাঁড়িপাল্লা নেই। অনুমান করে খড় বিক্রি করা হচ্ছে।
সাঁথিয়ার করমজা হাটের খড় বিক্রেতা উজ্জ্বল হোসেন জানান, নাটোর, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে খড় আনতে হয়। হরতাল-অবরোধে ট্রাক না চলায় খড়ের দাম বেড়েছে। বেড়ার হাটুরিয়া মোল্লাপাড়া প্রাথমিক দুগ্ধ সমিতির (মিল্ক ভিটা) সভাপতি মোমিন মোল্লা বলেন, ‘ভুসিতে ভেজাল দেওয়া এখন হরহামেশাই ঘটছে। এই ভেজালের কারণে আমাদের সমিতির কারও কারও গরু অসুস্থও হচ্ছে। আর এক মণ খড় কিনলে পাওয়া যাচ্ছে ৩২ থেকে ৩৫ কেজি। হরতাল-অবরোধের কারণে এমনিতেই আমরা দুধের দাম পাচ্ছি না। গোখাদ্য নিয়ে এমন খেলা চললে খামারিরা কোথায় গিয়ে দাঁড়াবে?’
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘ভেজালের অভিযোগ পেয়ে কয়েক দিন আগে একাধিক গোখাদ্যের দোকান ও গুদামে অভিযান চালালেও প্রমাণ পাইনি। এ বিষয়ে আমার কঠোর নজরদারি রয়েছে। তবে গোখাদ্যের দাম যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে খামারিদের গরু পালন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’