এবার গোপালগঞ্জের কৃষকদের ঝলসে দিল ‘ঝলক’
‘ঝলক ধান আমার কপাল ঝলসাইয়া দিয়া গেছে। এই ফসল দিয়া আমার সংসার চলে। ধান ফুইলা বারোনির (ফুল আসার সময়) সময় কি সুন্দর ধান দেয়া গেছে। তহন পরান ভরিয়া গেছোলো। এহন দেহি সব ধান চিটা। প্রতিবছর তিন-চার শ মণ ধান গোলায় রাহি। তাই বেচি ছোয়াল-মাইয়ার পড়ার খরচ চালাই। এই বছর এক মুট ধানও ঘরে আনতি পারব না।’ কথাগুলো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের কৃষক শ্রীবাস মণ্ডলের (৪৭)।গত বছর তিনি এক বিঘা জমিতে হাইব্রিড ‘ঝলক’ ধান লাগিয়ে ভালো ফলন পেয়েছিলেন। এ বছর লাগিয়েছিলেন সাত বিঘায়। বেশি লাভের আশায় এখন তাঁর গুড়েবালি। একই অবস্থা ওই গ্রামের উৎপল বিশ্বাস, বৌদ্ধ বিশ্বাস, ভবেশ বিশ্বাস, তপন সরকার, সদর উপজেলা, রঘুনাথপুর গ্রামসহ জেলার অসংখ্য চাষির। জানা গেছে, জেলার পাঁচ উপজেলার তিনটিতে সাড়ে ৩০০ একর জমিতে ‘ঝলক’ ধানের আবাদ করেন চাষিরা। এর মধ্যে কোটালিপাড়ায় ১৭৫, সদর উপজেলায় ১৩০ ও কাশিয়ানী উপজেলায় ৪৫ একর জমি। তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধানের শীষ শুকিয়ে সোনালি বা সাদাটে হয়ে গেছে। ভেতরে কোনো চাল নেই। গোপালগঞ্জে ঝলক বীজ সরবরাহকারী মধুমতি এন্টারপ্রাইজের পরিচালক শফিকুল আলম বলেন, ‘আমরা আমাদের সাব-এজেন্টদের মাধ্যমে বীজ বাজারে বিক্রি করেছি মাত্র। কোম্পানি কী বীজ দিয়েছে, সেটা আমরা জানি না। আমরা কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপারিশ করেছি।’এনার্জিপ্যাক এগ্রো লিমিটেডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস বি নাসিম বলেন, দেশে যেকোনো হাইব্রিড ধানের চেয়ে ঝলকের ফলন বেশি। তিনি দাবি করেন, এ বছর বৈরী আবহাওয়া ও জমিতে নাইট্রোজেনের (ইউরিয়া সার) পরিমাণ বেশি হওয়ায় ঝলক ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।