এবার গ্যারেজে গাড়িচাপায় প্রাণ গেল শিশুর
সারা দেশের বিভিন্ন স্থানে গাড়িচাপায় মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে। সেই মিছিলে যুক্ত হলো পায়েল (৩) নামে আরও এক কোমলমতি কন্যাশিশুর নাম। তবে এবারের ঘটনা সড়ক বা মহাসড়কে নয়, বাসার গ্যারেজে।
মর্মান্তিক ঘটনাটি রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের একটি বাসায় গ্যারেজে গাড়ি পার্কিংয়ের সময়।
আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পায়েলের বাবার নাম প্রদীপ চন্দ্র। পায়েল পরিবারের সঙ্গে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবর রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন পায়েলের মা সোনালী। সকালে পায়েলকে নিয়ে সোনালী ওই বাসায় কাজ করতে যান। সোনালী বাসার ভেতরে কাজে ব্যস্ত থাকার সময় পায়েল গ্যারেজে খেলছিল। বাসাটির গ্যারেজে একটি গাড়ি পার্কিংয়ের সময় ওই গাড়ির চাপায় পায়েল ঘটনাস্থলেই প্রাণ হারায়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মণ বলেন, এই ঘটনার পর গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে।