
পুলিশের নির্যাতনের শিকার কারাবন্দী পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
চাঁদাবাজির অভিযোগে করা একটি ‘মিথ্যা মামলায়’ গত সোমবার মিজানুর রহমােনর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় বলে মিজানুরের আইনজীবী জানিয়েছেন।
এর আগে গত ১৭ মার্চ উপজেলার কালাইয়ার ল্যাংড়া মুন্সির পোল এলাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বাউফল থানায় একটি সাজানো মামলা করেছিলেন। রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ থানায় রাতভর আটকে নির্যাতন করে। পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁকে।
পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক ফাইজুর রহমান চাঁদাবাজির মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে মিজানুরের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছেন। এ ছাড়া মামলার পরবর্তী শুনানি তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর বাউফলের চন্দ্রদ্বীপ এলাকার আলম সিকদার মিজানুরের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি-২ আদালতে ওই মামলা করেছিলেন। আলম চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আদালত অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী গত ১৪ মার্চ পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
মিজানুরের আইনজীবী লুৎফর রহমান বলেন, গত ১৪ ডিসেম্বর প্রথম আলোর ৯-এর পাতায় ‘তিন হাজার একর খাসজমি আ.লীগ নেতাদের দখলে?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে দলটির স্থানীয় নেতারা ক্ষুব্ধ হন। পরে মিজানুরকে হেনস্তা করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগে ওই মামলা করা হয়। এ ছাড়া গত ২৪ মে প্রথম আলোয় ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ খবরের পর মিজানুরের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আরেকটি মামলা করেন বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার। গত ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে মামলাটি করেন তিনি।
আলম সিকদারের মামলার অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর বেলা ১২টার দিকে চর মিয়াজান বাজারে মিজানুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি তাঁর কাছে ‘বকশিশ’ দাবি করেন। অন্যথায় হুমকি দেন পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনের। বাদী ১৩ ডিসেম্বর বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির কথা জেনে মিজানুর তাঁর অবৈধ দাবি পূরণে ব্যর্থ হয়ে ১৪ ডিসেম্বর প্রথম আলোতে ‘তিন হাজার একর খাসজমি আ.লীগ নেতাদের দখলে’ শিরোনামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিকেল তিনটার দিকে চর মিয়াজান বাজারে কতিপয় সাক্ষীর উপস্থিতিতে মিজানুর রহমানের কাছে মিথ্যা সংবাদ পরিবেশনের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এভাবে প্রতিদিন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হবে বলে হুমকি দেন।
প্রাসঙ্গিক তথ্য: মিজানুর রহমানকে গত ১৭ মার্চ গ্রেপ্তারের পরদিন ১৮ মার্চ সকালে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের এই আদালতের মাধ্যমেই মিজানকে জেলহাজতে পাঠিয়েছিল পুলিশ। ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালত মিজানুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।
নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে মিজানুরের অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের ওপর গত ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। তিনি মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন ও ৩১ মার্চের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ফের শুনানির জন্য আজ ১ এপ্রিল তারিখ ধার্য করেছেন।
আরও পড়ুন