এবার চার পুলিশ সদস্যকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানার দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে আজ মঙ্গলবার জেলার আদালতে ও বিভিন্ন ক্যাম্পে বদলি করা হয়েছে। পুলিশ সুপার প্রলয় চিসিম এ বদলি আদেশ দেন।

কুষ্টিয়ায় গত শনিবার জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার পরদিন রোববার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আর তিন দিন পর আজ একযোগে বদলি করা হলো থানার সেকেন্ড অফিসারসহ চারজনকে।

শনিবারে সংঘটিত ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষের সময় ঘটনাস্থলের ৩০-৩৫ ফুট দূরেই অবস্থান করছিলেন ওসি আবদুল খালেকসহ পুলিশের একটি দল। আজ বদলি হওয়া পুলিশ সদস্যদের তিনজনই উপস্থিত ছিলেন ওই দলে।

বদলি হওয়া চার জনের মধ্যে মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শওকত হোসেনকে কুষ্টিয়া আদালতে, উপসহকারী পরিদর্শক আনোয়ার হোসেনকে মিরপুর থানার আওতাধীন কাকিলাদহ পুলিশ ক্যাম্পে, কনস্টেবল আনোয়ার হোসেনকে দৌলতপুর থানার পিপুলবাড়িয়া ক্যাম্পে ও বকসি একরামুল হককে একই থানার আওতাধীন তেকালা ক্যাম্পে বদলি করা হয়েছে।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ১৫ আগস্টের দিন শোক র‍্যালি শেষে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা ও থানার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে।