এবার চেয়ারম্যান ও মেম্বারদের আমলনামার নিকাশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের ভোটাররা বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের ‘আমলনামার’ হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। ২০০২ সালে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, ৪৫ জন মেম্বার ও ১৫ জন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হন। নিয়মানুযায়ী ২০০৭ সালে তাঁদের নির্বাচিত মেয়াদ শেষ হওয়া কথা ছিল। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে এসব চেয়ারম্যান ও মেম্বারই দায়িত্ব পালন করে আসছেন। পাঁচটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচন অনুষ্ঠানের অনিশ্চয়তা ও জবাবদিহি না থাকায় চেয়ারম্যান ও মেম্বাররা ঘুষের বিনিময়ে যোগ্য ব্যক্তিকে বাদ রেখে অযোগ্য ব্যক্তিকে ভিজিডি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার তালিকায় নাম দিয়েছেন। অনিয়ম-দুর্নীতির কথা প্রকাশ হওয়ার পর একাধিক জনপ্রতিনিধি ঘুষের টাকা ফেরতও দিয়েছেন। গণিপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে বিগত নয় বছরে সরকার যত বরাদ্দ দিয়েছে, তার যদি ৫০ শতাংশ কাজও চেয়ারম্যান-মেম্বাররা বাস্তবায়ন করতেন তাহলে রাস্তাঘাটের উন্নয়ন হতো। যোগ্য ব্যক্তিরা ভিজিডি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পাননি। কয়া শোবলা গ্রামের বৃদ্ধ কফিল উদ্দিন বলেন, ‘বয়স্ক ভাতার কার্ডে জন্নি চেয়ারমির-মেম্বারের কতবার ধরনা দিচ্ছি তা কবার পারমু না। হামাক খালি কয় এবার দিমু। লিষ্টত নাম উঠিছে। পরে জানোছি ট্যাকা লিয়ে হামার নাম লিষ্টত থ্যাকে বাদ দিচে। চোরকক হামি আর ভোট দিমু না।’ মাতাপুর গ্রামের হালিমা বেওয়া বলেন, ‘ট্যাকা লিয়ে মোক ভাতার কার্ড করে দিচে। ভোটের সময় মুই ট্যাকা ফারত চামু। তাক ভোটও দিমু না।’ কালা গণিপুর গ্রামের শামিম বলেন, ‘আমার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ভিজিডি কার্ডের ঘুষ নিয়েছিল। দরবার সালিসে মেম্বার ঘুষের টাকা ফেরত দিয়েছে।’ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক সাইদুর রহমান কবিরাজ বলেন, ইউনিয়ন পর্যায়ে লোকজন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জনপ্রতিনিধিদের ঘুষ দিতে হয়েছে। যেসব জনপ্রতিনিধি ঘুষ নিয়ে লোকজনকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন, তাঁদের অনেকেই এবার ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিলকপুর ইউনিয়নের সদস্য আতাবুল ইসলাম বলেন, সরকারি সুযোগ-সুবিধা ছিল অপ্রতুল। এ কারণে সবাইকে তুষ্ট করা সম্ভব হয়নি। যাঁরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা আমাকে ভালো বলবেন না এটাই স্বাভাবিক। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, ‘জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সত্য নয়। আমরা তো সবার ভালো করতে পারি না। সালিসে রায় পক্ষে না এলেই তিনি বাইরে নানা কথা বলে বেড়ান। তা ছাড়া আমাদের নির্বাচনী প্রতিপক্ষ রয়েছে। তাঁরাই তিলকে তাল বানিয়ে সেটি বাইরে রটান।’