এবার চেয়ারম্যানশূন্য হতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন!
এবার চেয়ারম্যানশূন্য হতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। আইন অনুযায়ী চেয়ারম্যান ও অনধিক ছয়জন কমিশনার নিয়ে গঠিত হবে এই কমিশন। কিন্তু ২০০৯ সালের জুলাই মাসে কমিশন আইন পাসের পর থেকে বিচারপতি আমিরুল কবীর একাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২২ জুন তিনিও অবসরে যাচ্ছেন।সরকার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদন সার্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ প্রক্রিয়ায় একাধিকবার মানবাধিকার কমিশন গঠনের কথা উল্লেখ করেছে। কমিশনকে যথাসম্ভব সহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছে সরকার। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান। আইন পাসের ১০ মাসেও কমিশনে কমিশনার বা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি, করা হয়নি বিধি।মানবাধিকারকর্মী হামিদা হোসেন কমিশনের এ অবস্থায় হতাশা প্রকাশ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এত দেরি কেন লাগছে আমরাও বুঝতে পারছি না। আমরাও সরকারকে এ প্রশ্ন জিজ্ঞেস করি। কিন্তু কোনো উত্তর পাই না। কমিশনের লোক নিয়োগে বাছাই কমিটি আছে। কমিটি কেন বসছে না, সে প্রশ্ন করা উচিত।’হামিদা হোসেন বলেন, সরকার শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের অঙ্গীকার করেছে। জাতিসংঘে গিয়ে সরকার বলেছে, তারা একটি আইন করেছে, কমিশন গঠন করেছে। কিন্তু এখন আইনটি কার্যকর না করলে তো লাভ নেই। এদিকে আইনমন্ত্রী শফিক আহমেদ গত সপ্তাহে সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, চলতি মাসেই মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও অনধিক ছয়জন সদস্য নিয়ে কমিশন গঠন করা হবে। স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি কাজ করছে।১১ মাসে বাছাই কমিটির একটি বৈঠক: কমিশন আইন পাসের পর গত ১১ মাসে বাছাই কমিটির বৈঠক হয়েছে একটি। গত ১৯ জানুয়ারি বাছাই কমিটির বৈঠক হয়। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বৈঠকে কমিশনের ছয়টি সদস্য পদের প্রতিটির জন্য দুজন করে যোগ্য লোক খুঁজে বের করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়।ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইন মন্ত্রণালয় নাম দেওয়ার পর আবার বৈঠক করে কমিশনার পদে লোক নিয়োগ দেওয়ার কথা। কিন্তু গত সাড়ে চার মাসেও মন্ত্রণালয় নাম পাঠাতে পারেনি। এ কারণে বাছাই কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।বাছাই কমিটির সদস্য আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ প্রথম আলোকে জানান, ওই বৈঠকের পর তাঁদের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তিনি জানেন না।একজনের কমিশন: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধ্যাদেশ জারির মাধ্যমে ২০০৮ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। গত জুলাই মাসে কমিশন আইন পাস হয়। এরপর প্রতিষ্ঠাকালীন দুই কমিশনার পদত্যাগ করেন। কিন্তু কমিশনার পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে কমিশনের চেয়ারম্যান আমিরুল কবীর চৌধুরী একাই কাজ করছেন।আমিরুল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে এই কমিশনকে এগিয়ে নিতে হবে। আশা করব, চেয়ারম্যান পদে যেন আমার চেয়ে যোগ্য লোক নিয়োগ দেওয়া হয়।’