এবার ছাত্রলীগ কর্মীর ওপর অতর্কিত হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে আখালিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার ছাত্রলীগের ওই কর্মীর নাম ইকবাল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ জানায়, গতকাল সোমবার বিকেলে ইকবাল আখালিয়া এলাকার শাহজালাল সুপার মার্কেটের সামনে বসে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা কিরিচ, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর পিঠে জখম হয়েছে। ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিপক্ষ ছাত্রসংগঠনের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা করেছে বলে ধারণা করছি।’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাস বলেন, ‘সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও ছাত্রলীগ কর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনায় আমরা ভীতসন্ত্রস্ত। এ বিষয়ে নতুন উপাচার্যের সঙ্গে কথা বললে তিনি নিরাপত্তা জোরদারের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘আমরা পুলিশকে নিরাপত্তা জোরদার করতে বলেছি।’