এবার ছাত্রীহলের প্রাধ্যক্ষের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলের প্রাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন পদত্যাগ করেছেন। গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এ নিয়ে গত দুই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের দুই হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের পাঁচজন কর্মকর্তা পদত্যাগ করলেন। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী গত বৃহস্পতিবার পদত্যাগী কর্মকর্তাদের মধ্যে চারজনের সঙ্গে প্রথমে আলাদাভাবে এবং পরে যৌথ বৈঠক করেন। কিন্তু কর্মকর্তারা আর পদে ফিরবেন না বলে জানিয়ে দেন। জানা গেছে, পদত্যাগী কর্মকর্তারা প্রত্যেকেই পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, তিনি গত বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে আরও কয়েকজন বিভিন্ন কারণে পদত্যাগ করেছেন বলেও শুনেছেন। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি ব্যক্তিগত কারণে।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক পাঁচ কর্মকর্তার পদত্যাগের কথা নিশ্চিত করে বলেন, ‘পদত্যাগপত্রে তাঁরা প্রত্যেকেই ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে এর বেশি কিছু আমি বলতে পারব না।’এ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেউ পদত্যাগ করেননি। আর কেউ একটা দরখাস্ত দিলেই কি পদত্যাগ করেছেন বলা যায়?’