এবার ছিনতাইয়ের শিকার পুলিশ, গ্রেপ্তার ১১
রংপুরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছে না। গত রোববার পুলিশের এক কর্মকর্তাও ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহরের বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের কাছ থেকে ছোরা, রামদাসহ ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছিনতাইয়ের শিকার ওই কর্মকর্তা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) হায়দার আলী। তিনি বলেন, রোববার রাতে রংপুর সরকারি কলেজের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে মারপিট করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চলতি মাসে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা জানিয়েছেন।
শহরে ছিনতাই বেড়ে যাওয়া প্রসঙ্গে মহানগর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম বলেন, ছিনতাই কমছে না। ভোরবেলা লোকজন প্রাতর্ভ্রমণে বের হতেও ভয় পাচ্ছেন।