এবার ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সুভাষ চন্দ্র সাহা (৫৫), তাঁর স্ত্রী রিনা সাহা (৪৫) ও মেয়ে রুমকি সাহার (১৫) পর গতকাল শনিবার ভোরে বড় ছেলে রিন্টু সাহা (২৮) মারা গেছেন।
বেঁচে রয়েছে ওই দম্পতির ছোট ছেলে সুমন সাহা (১৭)। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুমনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পান ব্যবসায়ী শুভাষ চন্দ্র সাহা বেশ কিছুদিন আগে উপজেলার সফিপুর এলাকার আবুল হোসেনের চারতলা বাড়ির নিচতলার দুই রুমের একটি ফ্ল্যাট ভাড়া নেন।
গত ৩০ সেপ্টেম্বর রাতে ওই বাসার রান্নাঘরের চুলার সংযোগ ফুটো হয়ে গ্যাস বের হতে থাকে। ঘরের সব জানালা দরজা বন্ধ থাকায় পুরো ঘর গ্যাসে আচ্ছন্ন হয়ে যায়। মধ্যরাতে সুভাষ ঘরের ভেতর ধূমপানের জন্য দেশলাই জ্বালালে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সুভাষ, তাঁর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে অগ্নিদগ্ধ হন।
পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ওই দিন রাতেই সুভাষ মারা যান। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর গত শুক্রবার সকালে মারা যান তাঁর স্ত্রী রিনা সাহা ও মেয়ে রুমকি সাহা।