
হাওরে ফসলহানির ফলে বাজারে ‘মনস্ত্বাত্তিক প্রভাব’ পড়তে পারে—এমন যুক্তি তুলে ধরে খাদ্য অধিদপ্তর ছয় লাখ টন চাল আমদানি করতে চায়। একই সঙ্গে বেসরকারি খাতকে ২৫ শতাংশ শুল্কের স্থলে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দিতে চায় খাদ্য মন্ত্রণালয়। তারা এ বিষয়ে দুই দফায় চিঠি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি চেয়েছে।
ছয় বছর পর আবারও চাল আমদানির এই পরিকল্পনাকে আত্মঘাতী বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। কৃষি মন্ত্রণালয় ও এনবিআর চাল আমদানির এই প্রস্তাবে এখনো সাড়া দেয়নি। শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির বিষয়েও প্রশ্ন উঠেছে। সরকারি হিসাবে, ২০১৪-১৫ সালে শূন্য শুল্কের সুযোগ নিয়ে প্রায় ৩০ লাখ টন চাল আমদানি করা হয়েছিল। অর্থ পাচার নিয়ে ২০১৬ সালে গবেষণা সংস্থা বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) করা একটি গবেষণায় দেখা গেছে, শূন্য শুল্কের সুযোগ নিয়ে ২০১৪-১৫ সালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার হয়েছিল।
এ বিষয়ে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চালের মতো পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনলে কী বিপদ হতে পারে তা আমরা আগে দেখেছি। ফলে এ ধরনের সিদ্ধান্ত নিলে এনবিআরকে আরও সতর্ক ও সাবধানি হতে হবে।’
গত মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয়। এতে বলা হয়েছে, হাওরে ফসলহানির পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড়, নিচু এলাকার ফসলডুবি প্রভৃতি কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ফসল ঘরে তোলার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ছাড়া এখনো ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফসলের গুণগত মান ও পরিমাণ নিয়ে জনমনে একটা মনস্তাত্ত্বিক সংশয় রয়েছে। এ জন্য তারা চাল আমদানি ও শুল্ক প্রত্যাহার চায়।
এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘চালের আমদানি শুল্ক কমানোর প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছি। তবে আমাদের কাছে সবার আগে কৃষকের স্বার্থ প্রাধান্য পাবে।’
গতকাল খাদ্য অধিদপ্তর ছয় লাখ টন চাল আমদানির অনুমতি চেয়ে খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাওরে ধানের ক্ষতির কারণে বাজারে বড় ধরনের সংকট এখনই দেখা দিয়েছে, তেমনটা আমরা মনে করছি না। তবে আমরা যেকোনো সংকট এলে যাতে পরিস্থিতি সামলাতে পারি, সেই পরিকল্পনা নিয়েছি। সব পথ খোলা রাখছি। এ জন্য আমরা চাল আমদানির প্রস্তাবটি বিবেচনা করছি। আপাতত আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব পাঠিয়েছি।’
অবশ্য কৃষি মন্ত্রণালয় মনে করছে, বোরোতে মোট উৎপাদন কমবে কি না, তা বলার মতো সময় এখনো আসেনি। হাওরে ফসলহানিতে ৮ থেকে ১০ লাখ টন চাল নষ্ট হলেও তা দেশের মোট খাদ্য উৎপাদনে খুব বেশি প্রভাব ফেলবে না।
কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের হিসাবে হাওরসহ অন্যান্য এলাকার ফসলহানির যে ক্ষতি হবে, তা আমরা পোষাতে পারব। সারা দেশে বর্ষার আগেই ভালো বৃষ্টি হওয়ায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ-ছয় লাখ টন বেশি হবে। ফলে চালের আপাতত কোনো সংকট হবে না বলে আমরা মনে করছি।’
হাওরে ফসলহানির ফলে বোরো সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে খাদ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, এ বছর বোরোতে আট লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। আশা করা হয়েছিল, ৩০ এপ্রিলের মধ্যে তিন থেকে চার লাখ টন সংগ্রহ সম্ভব হবে। কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। হাওরে ছয় লাখ টন চাল উৎপাদন কম হওয়ায় তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে। এতে বাজারে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে, যা চালের বাজারদর নিয়ে জনমনে ভীতির সৃষ্টি করেছে।
এপ্রিলে বোরোর নতুন চাল ওঠা শুরু করায় সাধারণত চালের দর কমে আসে। এই তথ্য উল্লেখ করে ওই চিঠিতে আরও বলা হয়েছে, এ বছর চালের বাজারদর না কমে বরং ক্রমে বাড়ছে। ২০১৪ সালের এপ্রিলে কেজিপ্রতি মোটা চালের দর ছিল ৩১ টাকা। ২০১৫ সালে তা কমে ২৯ টাকা হয়েছিল। পরের বছর তা আরও কমে ২৪ টাকা ৩৮ পয়সা হয়। এ বছরের এপ্রিলে তা বেড়ে ৩৮ টাকা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের ইমেরিটাস ফেলো এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গত তিন বছর চালের দাম কম থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর চালের দাম বেশি হওয়ায় তা দেশের কৃষকদের জন্য ভালো সংবাদ। কিন্তু সরকার যদি এখনই বেসরকারি খাতকে শুল্কমুক্ত সুবিধা দিয়ে চাল আমদানির সুযোগ করে দেয় তাহলে ধানের কমে যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, যা হবে আত্মঘাতী।