মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরকে এবার ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে অভিহিত করলেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
এই কথিত বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে চিঠিও দিয়েছেন তিনি। এর তদন্তে বাংলাদেশে উচ্চপর্যায়ের একটি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত পাকিস্তান সিনেট কমিটির এই চেয়ারম্যান। গত বুধবার দেশটির দ্য নিউজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুই রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডের বিষয়ে রেহমান মালিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রিন্স জায়েদ বিন রা’আদ আল-হুসেইনকে চিঠি দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সনদের আওতায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের জন্য পরিষদের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান মালিক।
সিনেট সদস্য মালিকের চিঠিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তানের জনগণ গভীর উদ্বেগ এবং তীব্র মনঃকষ্ট নিয়ে এই মৃত্যুদণ্ডের (সাকা ও মুজাহিদের) ঘটনা প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি এ ঘটনা মানবাধিকারের নজিরবিহীন লঙ্ঘন।’
চিঠিতে যুদ্ধাপরাধের দায়ে একাত্তরের মানবতাবিরোধীদের চলমান বিচার প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করে মালিক বলেন, এ বিচার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় পাকিস্তানের জনগণ উদ্বিগ্ন।
রেহমান মালিক দাবি করেন, পাকিস্তানের পক্ষের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একাত্তরের গণহত্যায় জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা।