এবার জাফলংয়ে চুনাপাথরের গর্ত ধসে ২ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে এবার গর্ত করে চুনা পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে দুজন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন একজন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হচ্ছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (৩০) ও তাজউদ্দিন (৩২)। আবদুর রশিদ (২৫) নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সঙ্গী পাথরশ্রমিকেরা।

বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে তাঁর নেতৃত্বাধীন একদল পুলিশ অবস্থান করছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে জাফলংয়ের চুনাকোয়ারি নামে পরিচিত আফসর আলীর গর্ত থেকে পাথর উত্তোলন চলছিল। হঠাৎ গর্ত ধসে চুনাপাথরে চাপা পড়েন ওই তিন শ্রমিক। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও দুজন পাথরচাপা পড়ার সঙ্গে সঙ্গে মারা যান।

একই উপজেলায় ১০ ফেব্রুয়ারি বিছনাকান্দি পাথর কোয়ারিতে রাতে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে তিনজন পাথরশ্রমিক মারা যান। এর আগে গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ধসে পাঁচজন মারা যান। এ নিয়ে প্রায় এক মাসে তিনটি পৃথক ঘটনায় ১০ জন মারা গেলেন।