এবার জামায়াত বলল রাজাকার গঠন করেছে আ.লীগ!
ভারত বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে—স্বাধীনতার ৩৯ বছর পর হঠাৎ এমন দাবির পর এবার জামায়াতে ইসলামী দাবি করেছে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী ও শান্তি কমিটি গঠন করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানরা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভায় আকস্মিক এই দাবি করেন। মগবাজারে আল-ফালাহ্ মিলনায়তনের ওই অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আখ্যা দিয়ে বলেন, জাতির পিতা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টি মীমাংসা করে গিয়েছেন। কিন্তু তাঁর শিষ্যরা তাঁর সিদ্ধান্ত মানেন না।আজহারুল ইসলাম দাবি করেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের ৯৯ ভাগ চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের লোক। রাজাকার, শান্তি বাহিনী নিয়োগ দিয়েছে তারা আর পুলিশের এসপিরা। তারা অপরাধী হবে না আর জামায়াত নেতাদের বিচার করবে, এমন দুমুখো নীতি দেশবাসী সহ্য করবে না।’মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা করা এই দলটি ইদানীং তাদের সে সময়কার ভূমিকা অস্বীকার করে চলছে। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে এসে জামায়াতের নেতারা এমন সব বক্তব্য দিচ্ছেন। ১৪ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার জন্য জামায়াতের দায় অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। পরের দিন আরেক আলোচনা সভায় নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে বসেন তিনি। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, জামায়াত সব সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জামায়াতকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু জনগণ সব জানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করে মকবুল আহমাদ আরও বলেন, ‘জাতির পিতা যা করে গিয়েছেন তাঁর দল তা মানেন না। তিনি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার বিষয় মীমাংসা করেছেন। এখন তাঁর সিদ্ধান্ত তাঁর শিষ্যরা মানে না।’ তিনি বলেন, বুদ্ধিজীবী ও বিজয় দিবস এলেই তারা (আওয়ামী লীগ) আমাদের রাজাকার, আলবদর, আলশামস বলে গালাগালি করে। এখন জাতির কোন্দলের সময় নয়, এখন ঐক্যের সময়।সভায় সভাপতিত্ব করেন হামিদুর রহমান আযাদ।