এবার জাসদ নেতা-কর্মীদের বিরুদ্ধে ছিনতাই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিমের (তানসেন) বিরুদ্ধে জুতা মিছিলের পর এবার জাসদের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান নন্দীগ্রাম থানায় শুক্রবার রাতে ওই মামলা দিয়েছেন। মামলা দায়েরের পর পুলিশ রাতেই উপজেলার চাকলমা গ্রামে অভিযান চালিয়ে জাসদের কর্মী মুকুল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর মামলায় উল্লেখ করেছেন, গত ২ জুলাই উপজেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। বিক্ষোভ কর্মসূচি শেষে তিনি ইউএনওর কার্যালয়ে যান। সেখান থেকে বের হওয়া মাত্র উপজেলা পরিষদ চত্বরে পূর্বপরিকল্পিতভাবে উপজেলা জাসদের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, জাসদ নেতা জিয়াউল হক, নূরুল ইসলাম, মুকুল হোসেনসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন তাঁকে ঘিরে ধরে। এরপর তারা হত্যার উদ্দেশ্যে জাহেদুর রহমানের গলায় ধারালো ছুরি ধরে জিম্মি করে পকেট থেকে ৩৩ হাজার ২০০ টাকা, আট আনা ওজনের স্বর্ণের আংটি ছিনতাই করে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।